নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জঙ্গলমহলে হাতি-মানুষের সংঘাত রুখতে এবার ‘হাতি নালা’ তৈরির নির্দেশ দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপবাবুর স্পষ্ট বার্তা—‘ভিবি-জি রাম-জি’ প্রকল্পকে কাজে লাগিয়ে হাতির হানা থেকে গ্রামগুলিকে সুরক্ষিত করতে হবে। তাঁর প্রস্তাব অনুযায়ী, গ্রামের চারপাশে এমন নালা তৈরি করতে হবে, যাতে হাতি সহজে লোকালয়ে ঢুকতে না পারে। এর ফলে হাতির যাতায়াতের জন্য বিকল্প রাস্তা খোলা থাকবে। এই উদ্যোগ কার্যকর হলে এখানে হাতি ও মানুষের সংঘাত কমবে। এর পাশাপাশি ঝাড়গ্রাম ও মেদিনীপুরের বন দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিলীপবাবু। বন দপ্তরের এক আধিকারিক জানান, হাতির সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, শনিবার মেদিনীপুর জেলা পরিষদ হলে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মীদের সংগঠনের জেলা সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা-সহ সংগঠনের একাধিক নেতা,কর্মীরা। এদিন দিলীপ ঘোষ বলেন, হাতি ভিন রাজ্য থেকে জঙ্গলমহলে চলে আসছে। হাতি তাড়ানোর জন্য রাত জাগতে হচ্ছে। হাতি গ্রামে ঢুকে পড়ায় প্রতি বছর প্রচুর মানুষের মৃত্যু হচ্ছে, ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। আমি বলেছিলাম, ‘ভিবি-জি রাম-জি’ প্রকল্পকে ব্যবহার করে হাতির হানা থেকে গ্রামকে বাঁচানোর জন্য ‘হাতি নালা’ কর্মসূচি নেওয়া হোক। এর মাধ্যমে রাতের অন্ধকারে মানুষ বাঁচতে পারবেন। আলিপুরদুয়ার ও ডুয়ার্স এলাকায় এই ধরনের হাতির সমস্যা রয়েছে। তাঁরা এই পদ্ধতি শুরু করেছে। কিন্তু ঝাড়গ্রাম ও মেদিনীপুরের বন দপ্তরের আধিকারিকদের কী অসুখ রয়েছে, জানা নেই। কারণ, আজ পর্যন্ত তাঁরা কাজ শুরুই করতে পারলেন না।
উল্লেখ্য, জঙ্গলমহলের অন্যতম বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাতি-মানুষের সংঘাত। জঙ্গলে হাতির উপস্থিতি বাড়তে থাকায় নিরাপত্তার অভাবে পুজোর সময়েও অনেকেই জঙ্গলে ঢুকতে সাহস পাননি। ফলে তাঁদের রুজি-রোজগারেও প্রভাব পড়েছে। জানা গিয়েছে, শুধু মেদিনীপুর বন বিভাগ এলাকায় ৬০টির বেশি হাতি রয়েছে।
মেদিনীপুর সদরের চাঁদড়ার বাসিন্দা সঞ্জীব মাহাত বলেন, মাঝেমধ্যেই হাতি ও মানুষের মধ্যে সংঘাত হচ্ছে। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে। হাতির ভয়ে জঙ্গল লাগোয়া গ্রামের মানুষ চাষ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।



