মণ্ডল সভাপতিদের গণ্ডি  বোঝালেন মন্ত্রী অগ্নিমিত্রা
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বেশ কয়েকজন মণ্ডল সভাপতি এবং বিধায়ককে নিয়ে দলের অন্দরেই ক্ষোভ বাড়ছে। তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক কাজেও হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে। কয়েকজন নেতা আবার থানা চালাচ্ছেন বলেও দলের অন্দরে খবর রয়েছে। তাতে বিজেপি নেতৃত্বের অস্বস্তি বাড়ছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এ নিয়ে মুখ খুলেছিলেন। এবার সেই পথেই হাঁটলেন মন্ত্রী তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি শনিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। পরে সাংবাদিকদের বলেন, পুলিশ নিজেকে সংগঠনের সর্বেসর্বা ভাবলে তা বাতুলতা। আবার মণ্ডল সভাপতিরা নিজেদের পুলিশমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ভাবলে তা বড়ো বোকামি। সংগঠন গোছানো এবং সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানো মণ্ডল সভাপতিদের দায়িত্ব। 

Advertisement

বিজেপি সূত্রে জানা গিয়েছে, সংগঠনের রাশ পুরোপুরি আরএসএস নিজেদের কব্জায় নিতে চলেছে। বির্তকে থাকা মণ্ডল কিংবা বুথ সভাপতিদের সরিয়ে তাঁদের লোকজনদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একইভাবে কয়েকজন বিধায়ককে সতর্ক করা হচ্ছে। সংগঠনের হাল ধরার জন্য আরএসএসের জেলা নেতারা দফায় দফায় বৈঠক করছেন। লোকসভা নির্বাচন তাঁদের পাখির চোখ। সামনেই পুরসভা নির্বাচন রয়েছে। তবে ভোট কবে হবে তা নিয়ে সংশয় রয়েছে। পুর নগরোন্নয়নমন্ত্রী বলেন, যেখানে বোর্ড নেই সেখানে প্রশাসক বসিয়ে কাজ চালানো হচ্ছে। ভোটের জন্য আমরা প্রস্তুত আছি। ভোট না হওয়া পর্যন্ত পরিষেবা দেওয়ার দায়িত্ব সরকারের। কো-অর্ডিনেটররা সেতুবন্ধনের কাজ করবেন। পুরসভা বা লোকসভা নির্বাচনের আগে বিরোধীরা যতই এক হোক না কেন কিছু করতে পারবে না। অস্তিত্ব টিকিয়ে রাখতে তাঁরা একজোট হচ্ছেন। তাতে কোনো লাভ নেই।
তবে বিজেপির একাংশের মতে, সংগঠনের হাল শক্ত হাতে না ধরলে পুরভোটে অস্বস্তি বাড়তে পারে। প্রতিটি ওয়ার্ডে দলের একাধিক দাবিদার রয়েছেন। তাঁদের অনেকেই দলের সিদ্ধান্তের বাইরে গিয়েও ভোটে লড়তে পারেন। শুক্রবার গলসির একটি পঞ্চায়েতের নির্বাচন সেই ইঙ্গিতই দিয়েছে। ওই পঞ্চায়েতে প্রধান পদের জন্য দু’জন বিজেপি সদস্যর নাম প্রস্তাব করা হয়। নির্বাচন ঘিরে উত্তেজনাও ছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। একই ছবি পুরভোটেও দেখা দিতে পারে। সেই কারণে সংগঠন গোছানোর দিকে জোর দেওয়া হয়েছে। মণ্ডল সভাপতিদের প্রকাশ্যে সতর্ক করা হচ্ছে। তাঁদের সরানোরও তোড়জোড় চলছে। কিন্তু, কয়েকজন বিধায়ক গলার কাঁটা হয়ে গিয়েছেন।