নয়াদিল্লি: ‘কোনো ওজর আপত্তি শুনতে চাই না। আমরা যখন খনন বন্ধ রাখতে বলেছি, তখন তা বন্ধ রাখতে হবে।’ আরাবল্লী পর্বতমালায় খনন নিয়ে অনড় মনোভাব দেখিয়ে বৃহস্পতিবার এই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালতের নির্দেশ, পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে হবে। সম্প্রতি আরাবল্লীর পার্বত্য এলাকার সংজ্ঞা বদল নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবেশকর্মীরা আশঙ্কা করেন, এর ফলে জীব বৈচিত্র্য হারাবে আরাবল্লী। এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, ‘বিশেষজ্ঞরা খননের অনুমতি দেন কি না, আমাদের প্রথমে জানতে দিন। এরপর ঠিক হবে কতটা খনন করা যায়। এরপর ঠিক করতে হবে কে বা কারা এই খননের উপর নজরদারি চালাবে। আমরা একে একে সব সেতু অতিক্রম করব।’



