Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সর্বনিম্ন তাপমাত্রা কমেছে রাজ্যজুড়েই, দক্ষিণবঙ্গে আরও কিছুটা হ্রাসের আশা

বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপের পরোক্ষ প্রভাব কাটতেই উত্তুরে হাওয়া বুধবার থেকে কিছুটা সক্রিয় হয়েছে। তার জেরে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নগামী হয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রা কমেছে রাজ্যজুড়েই,  দক্ষিণবঙ্গে আরও কিছুটা হ্রাসের আশা
  • ৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের শক্তিশালী নিম্নচাপের পরোক্ষ প্রভাব কাটতেই উত্তুরে হাওয়া বুধবার থেকে কিছুটা সক্রিয় হয়েছে। তার জেরে রাজ্যজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নগামী হয়েছে। আগামী দিনদুয়েকের মধ্যে দক্ষিণবঙ্গে সাধারণভাবে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের আর আপাতত হবে না। দক্ষিণবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার পর শীতের স্থিতাবস্থা আপাতত আগামী কয়েকদিন বজায় থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের তুলনায় এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২.৩ ডিগ্রি কমেছে। দিনদুয়েকের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে আসতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। দক্ষিণবঙ্গে এদিন শীতলতম স্থান ছিল বীরভূমের শ্রীনিকেতন (১২.৬ ডিগ্রি)। রাজ্যের সমতল এলাকার মধ্যে শীতলতম ছিল দক্ষিণ দিনাজপুরের মাঝিয়ান (১১.২ ডিগ্রি)। দার্জিলিং শহরের একটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ৫ ডিগ্রি। 

Advertisement

আবহাওয়াবিদরা বলছেন, রা‌঩জ্যে এখন সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি স্বাভাবিকের আশপাশে থাকবে। পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া এলাকায় কনকনে শীতের আমেজ এতেই পাওয়া যাবে। কিন্তু কলকাতা ও লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশে মাঝারি মাত্রার নমনীয় শীতের আমেজ পাওয়া যাবে। ডিসেম্বর মাসের শুরুতেই কনকনে শীত কলকাতা ও লাগোয়া এলাকায় সেভাবে পড়ে না। তাই শীত স্বাভাবিক ছন্দে চলছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ডিসেম্বর মাসের মাঝামাঝি  থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত কলকাতা ও লাগোয়া এলাকায় শীতের ‘পিক’ সময় বলে ধরা হয়। অতীত রেকর্ড থেকে দেখা যাচ্ছে, গত বছরদশেকের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে  নেমেছে ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। ডিসেম্বরে এখনও পর্যন্ত শীতের সর্বকালীন রেকর্ড হয়েছিল ১৯৬৬ সালের ২২ ডিসেম্বর (৭.২ ডিগ্রি)। 
আপাতত পশ্চিম হিমালয় এলাকায় কোনও শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা আসার  ইঙ্গিত নেই। শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা চলে যাওয়ার পর হিমালয়ের দিক থেকে  উত্তর ভারত হয়ে আসা উত্তুরে হাওয়ার জন্য কনকনে শীতের মাত্রা বাড়ে। তার জেরে শীত জাঁকিয়ে পড়ে রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গে। তাই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কমে যাওয়ার তেমন সম্ভাবনা কম বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কয়েকদিনের মধ্যে ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ পরিস্থতি সৃষ্টি হতে পারে। তার কিছুটা প্রভাব পড়বে পশ্চিমাঞ্চলের কিছু জায়গায়। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাস বলছে, রাজ্যের বেশিরভাগ এলাকায় ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা সাধারণভাবে স্বাভাবিক কিংবা তার থেকে বেশি থাকার সম্ভাবনা অধিক।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ