


বেঙ্গালুরু: প্রায়শ্চিত্ত সারলেন ডেভিড মিলার। ঠিক দশ দিন আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তাঁর বিস্ময়কর ভুলের মাশুল দিতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। দু’বলে দরকার ছিল ১ রান। কিন্তু হাতের লক্ষ্মী পায়ে ঠেলে খলনায়ক বনে গিয়েছিলেন প্রোটিয়া তারকা। শনিবারও একই সমীকরণের সামনে আর ভুল করেননি তিনি। এক বল বাকি থাকতে দিল্লিকে ৬ উইকেটে জিতিয়ে ফিরলেন ‘কিলার মিলার’। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এটা দ্বিতীয় পরাজয়। আর ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে মরশুমে প্রথম হারলেন কোহলিরা।
দিল্লির সামনে টার্গেট ছিল ১৭৬ রানের। শেষ ওভারে দরকার ছিল ১৫। সেটাই হয়ে দাঁড়ায় চার বলে ১৩। আরসিবি তখন জয়ের গন্ধ পাচ্ছে। মিলারের মনে নির্ঘাত ফিরে এসেছিল গুজরাত ম্যাচের স্মৃতি। কিন্তু পরের তিন বলে বাঁ-হাতি প্রোটিয়ার ব্যাটে লেখা হয় অন্য কাহিনি। বোলার রোমারিও শেফার্ডকে ৬, ৬, ৪ মেরে ছিনিয়ে আনেন স্মরণীয় জয়। ১৯.৫ ওভারে দিল্লির স্কোর দাঁড়ায় ১৭৯-৪। ১০ বলে ২২ রানে অপরাজিত থাকেন মিলার। ট্রিস্টান স্টাবস ৪৭ বলে করেন অপরাজিত ৬০। ওপেনার লোকেশ রাহুল অবশ্য তার আগে গড়ে দিয়েছিলেন জয়ের ভিত। ৩৪ বলে ৫৭ করে বিরাট কোহলির দুরন্ত ক্যাচে ফেরেন তিনি। তা সত্ত্বেও স্টাবস-মিলার জুটির দাপটে ম্লান হয়ে গেল ভুবনেশ্বর কুমারের (৩-২৬) দুর্দান্ত বোলিং।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ফিল সল্টের (৩৮ বলে ৬৩) দাপটে ৮ উইকেটে ১৭৫ তোলে আরসিবি। কোহলি (১৯), দেবদূত পাদিক্কাল (১৮), ক্যাপ্টেন রজত পাটীদার (৮), জিতেশ শর্মা (১), শেফার্ড (১), ক্রুণাল পান্ডিয়ারা (১২) প্রত্যাশা পূরণে ব্যর্থ। টিম ডেভিড করেন ২৬। দিল্লির হয়ে বল হাতে সফল ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (২-১৮), কুলদীপ যাদব (২-৩২), লুঙ্গি এনগিডি (২-৩৯), মুকেশ কুমার (১-৩২)।