লাহোর: আইসিসি ইভেন্টে চোকার্স তমকা ঘোচাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে দারুণ খেলেও সেমি-ফাইনালেই থামল তাদের অভিযান। নক-আউট পর্বে ব্যর্থতার ধারা বদলাতে ব্যর্থ তেম্বা বাভুমারা। বুধবার দ্বিতীয় সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৫০ রানে পরাস্ত হয় প্রোটিয়া ব্রিগেড। দলের ভরাডুবির জন্য ঘুরিয়ে আইসিসি’কে দায়ী করেছেন ডেভিড মিলার। আসলে সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গ্রুপ লিগের শেষ ম্যাচ তখনও বাকি। অথচ শেষ চারের লড়াইয়ের আগে হাতে মাত্র একদিন। এই পরিস্থিতিতে পাকিস্তানে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দলকে দুবাইয়ে উড়িয়ে আনা হয়। সেমি-ফাইনালের প্রতিপক্ষ চূড়ান্ত হতেই ফের পাক মুলুকে ফেরেন মিলাররা। গোটা বিষয়ে বেজায় ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকা শিবির। বুধবার হারের পর রীতিমতো ক্ষোভ উগরে দেন তাঁরা।



