ইম্ফল: ফের অশান্ত মণিপুর। সীমান্তপার থেকে এসে তিনটি গ্রামের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দিল জঙ্গিরা। বৃহস্পতিবার ভারত-মায়ানমার সীমান্তবর্তী কামজোং জেলার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর চারটে নাগাদ কাসোম থানা এলাকার নামলি, ওয়াংলি ও ছোড়ো নামের তিনটি নাগা জনজাতি অধ্যুষিত গ্রামে হামলা চালানো হয়। আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যান গ্রামবাসীরা। এই ঘটনায় অন্তত একজন বয়স্ক মহিলা আহত হয়েছেন। গ্রামবাসীরা জানিয়েছে, নামলির দু’টি, ওয়াংলির তিন-চারটি ও ছোড়োর বেশ কয়েকটি বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে স্থানীয় কোনো গির্জায় হামলা চালানো হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অসম রাইফেলসের সদস্যরা।



