কুলগাঁওয়ে জঙ্গি হামলা: আটক ২০
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: কুলগাঁওয়ে সিআরপিএফের উপর হামলার ঘটনায় তদন্তে গতি বাড়াল নিরাপত্তা সংস্থাগুলি। হামলায় স্থানীয়দের ভূমিকা খতিয়ে দেখতে গত দু’দিনে ৫০০-রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে নিরাপত্তাবাহিনী। তাঁদের অধিকাংশকেই জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে অন্তত ২০ জনকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাঁদের মধ্যে তিন জন লস্কর-ই-তোইবার ওভার গ্রাউন্ড ওয়ার্কার বলে সন্দেহ করা হচ্ছে। যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্তকারীদের নজরে রয়েছে লস্করের একটি মডিউল। স্থানীয় জঙ্গি আবদুল লতিফের নেতৃত্বে ওই মডিউলে দুই পাকিস্তানি জঙ্গিও রয়েছে বলেও অনুমান। তদন্তকারীদের দাবি, আচমকা হামলা চালানো হয়নি। আগে ঘটনাস্থলের রেইকি করেছিল জঙ্গিরা। কয়েকজন ওভার গ্রাউন্ড ওয়ার্কার জঙ্গিদের আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিল। এমনকি হামলার পর এলাকা থেকে পালানোর পথ করে দিতেও তারা সাহায্য করেছিল বলে মনে করছেন তদন্তকারীরা। বুধবার কুলগাঁওয়ের আখরান গ্রামের সিআরপিএফের নাকা চেকিং পয়েন্টে হামলা চালায় জঙ্গিরা। জখম হন তিনজন জওয়ান। অভিযুক্তদের খোঁজে তিনদিন ধরে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাইকে এসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তদন্তকারীরা জানতে পেরেছেন, জলাজমি ও গাছে ঘেরা একটি এলাকা থেকে গুলি চালিয়েছিল তারা। 

Advertisement