Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাইকিং করেও গরহাজির সদস্যরা, অচলাবস্থা কাটল না গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে 

মাইকিং করেও গরহাজির সদস্যরা, অচলাবস্থা কাটল না গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে 
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মাইকিং করে পঞ্চায়েত সদস্যদের সাধারণ সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু, তারপরেও গরহাজির থাকলেন অধিকাংশ সদস্য। তাই বৃহস্পতিবারও গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতে সাধারণ সভা ভেস্তে গেল। এদিন দুপুর ২টো থেকে ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, নির্ধারিত সময়ের পরও অধিকাংশ সদস্য হাজির না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এদিন তিনজন সদস্য বৈঠকে যোগ দিতে এসেছিলেন। এমনকী পঞ্চায়েতের প্রধানও আসেননি। তার জেরে বৈঠক ভেস্তে গিয়েছে। পঞ্চায়েতের এক আধিকারিক বলেন, পরিস্থিতির রিপোর্ট ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। নির্দেশমতো পরবর্তী পদক্ষেপ হবে।  গোঘাট-২ ব্লকের জয়েন্ট বিডিও কুন্তলকুমার মণ্ডল বলেন, কুমারগঞ্জ পঞ্চায়েতের সাধারণ সভার বিষয়ে কিছু জানা নেই। পঞ্চায়েত কর্তৃপক্ষ তা জানালে খতিয়ে দেখা হবে।
Advertisement
এদিন কুমারগঞ্জ পঞ্চায়েতের সাধারণ সভায় যোগ দিতে গিয়েছিলেন অসিত দাস। তিনি বলেন, সরকারিভাবে চিঠি দিয়ে সাধারণ সভায় আসতে বলা হয়েছিল। সেইমতো আমি ও আরএক পঞ্চায়েত সদস্য হাজির হয়েছিলাম। পঞ্চায়েত সমিতিরও এক সদস্য হাজির হন। অধিকাংশ সদস্য হাজির না থাকায় এদিন বৈঠক হয়নি। এনিয়ে পঞ্চায়েতের প্রধান আলপনা রায়, উপপ্রধান বিশ্বজিৎ রায়কে একাধিকবার ফোন করা হলেও তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রধানের ঘনিষ্ঠ মহলের দাবি, এদিন সকালে পঞ্চায়েত প্রধান অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কামারপুকুর ব্লক স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। 
উল্লেখ্য, কুমারগঞ্জ পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে। অভিযোগ, সেখানে সাধারণ সভাগুলিতে পঞ্চায়েতের অধিকাংশ সদস্য হাজির হচ্ছেন না।
সম্পর্কিত সংবাদ