অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: শনিবার বিকাল ৫টা। যুবভারতীর দু’নম্বর প্র্যাকটিস গ্রাউন্ডের বাইরে জনা কুড়ি মোহন বাগান সমর্থক উৎসুক মুখে দাঁড়িয়ে। মায়ের শারীরিক অসুস্থতার কারণে মিগুয়েলের দেশে ফেরার খবর ততক্ষণে বাসি হয়ে গিয়েছে। ডার্বির আগে যা নিঃসন্দেহে বড় ধাক্কা সবুজ-মেরুন শিবিরে। কোচ পানোসের জোড়া ‘এম’ (ম্যাকলারেন-মিগুয়েল) ফর্মুলা শুরুর আগেই শেষ। তাহলে কে খেলবেন নম্বর টেন পজিশনে? সমর্থকদের চাপা গুঞ্জনের মাঝে নীল বিলাসবহুল গাড়িতে মাঠে হাজির সাহাল। তাহলে কি চোট নিয়েই কেরালাইট মিডিওকে মাঠে নামানোর চেষ্টা চলছে? না, সে গুড়েও বালি। সাহাল এসেছিলেন দলের ডাক্তারের সঙ্গে দেখা করতে। ফলে ড্রাজিচকে দিয়েই মিগুয়েলের অভাব ঢাকা ছাড়া আর কোনও পথ নেই পানোসের হাতে। বড়ো ম্যাচের রণকৌশলে বদল গ্রিক কোচ কীভাবে সামলান সেটাই এখন দেখার। অনুশীলন শেষে আলবার্তোর মন্তব্য, ‘মিগুয়েলের দেশে ফেরা অবশ্যই বড়ো ধাক্কা। তবে এই মুহূর্তে পরিবারের পাশে ওর থাকা খুব জরুরি।’
জোড়া ‘এম’ জুটির অপরজন অর্থাৎ জেমি ম্যাকলারেন অবশ্য সেসব নিয়ে ভাবতে নারাজ। বহু যুদ্ধের সৈনিক অজি বিশ্বকাপার। বড়ো ম্যাচের পালস তাঁর নখদর্পণে। তাই মিগুয়েলের অনুপস্থিতি নিয়ে ভেবে বাড়তি চাপ কাঁধে চাপাচ্ছেন না তিনি। বাড়ি ফেরার পথে তারকা স্ট্রাইকার বলেন, ‘চাপ! না না, কীসের চাপ? ওসব নিয়ে প্রতিপক্ষ ভাববে। আমরা তৈরি।’ একই সুর মনবীর সিংয়ের গলাতেও। ডার্বিতে গোল রয়েছে পাঞ্জাবি অ্যাটাকারের। তাঁর বাড়তি সংযোজন, ‘এগিয়ে থেকেই মাঠে নামছি আমরা। আমাদের দলে অনেকেই গোল করতে পারে।’
এদিন ডার্বির চূড়ান্ত প্রস্তুতির আগে মিনিট কুড়ির টিম মিটিংয়ে শেষ মুহূর্তের পরামর্শ দিলেন কোচ পানোস। এরপর ওয়ার্ম-আপ ও পাসিং প্র্যাকটিস। সব শেষে কুড়ি মিনিটের ম্যাচ সিচুয়েশনে শেষ তুলির টান। ৪-৪-১-১ ফর্মেশনে আলবার্তো ও রাহুল ভেকেকে দিয়ে সেন্ট্রাল ডিফেন্স সাজিয়েছিলেন কোচ। দুই উইং ব্যাকে শুভাশিস ও মেহতাব সিং। মাঝমাঠে আপুইয়ার সঙ্গী জেলকোভিচ। দুই প্রান্তে এদিন সারাক্ষণ দেখা গেল মনবীর-লিস্টন জুটিকে। বড়ো ম্যাচে লক্ষ্যভেদের দায়িত্ব থাকবে ম্যাকলারেনের কাঁধে। তাঁর ঠিক নীচ থেকে প্লে-মেকারের ভূমিকায় থাকবে পারেন ড্রাজিচ। গত ম্যাচে অবশ্য তেমন খেলতে পারেননি তিনি। কিন্তু রবিবার যে মর্যাদার লড়াই।
সম্ভাব্য একাদশ: বিশাল, শুভাশিস, আলবার্তো, রাহুল, মেহতাব, জেলকোভিচ, আপুইয়া, লিস্টন, ড্রাজিচ, মনবীর ও ম্যাকলারেন।



