নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জেমি ম্যাকলারেন ও মিগুয়েল। সাম্প্রতিককালে ভারতীয় ফুটবলের দুই ক্রাউডপুলার এবার মোহন বাগানে। তাঁরা মাঠে নামার আগেই প্রত্যাশা আকাশছোঁয়া। মিগুয়েলদের প্র্যাকটিস দেখতে ভিড় জমাচ্ছেন অনুরাগীরা। সব ঠিকঠাক চললে সপ্তাহের প্রথম দিনেই সবুজ-মেরুন জার্সিতে অভিষেক হতে চলেছে ব্রাজিলিয়ান মিগুয়েলের। সোমবার ডুরান্ড কাপে মোহন বাগানের প্রতিপক্ষ সিআইএসএফ প্রোটেক্টর্স। গ্রুপের শেষ ম্যাচে অন্তত কিছুক্ষণ এই জুটিকে খেলিয়ে দেখে নিতে চান কোচ পানোস। মোহন বাগানের গ্রিক কোচের মন্তব্য, ‘দু’জনেই অসাধারণ ফুটবলার। নতুন করে বলার কিছুই নেই। সোমবার স্কোয়াডে রাখা হবে ওদের। দ্বিতীয়ার্ধে মিগুয়েলদের খেলানোর পরিকল্পনা রয়েছে।’ ভিসা সমস্যায় ম্যাকা ও মিগুয়েল কিছুটা দেরিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে শরীরে বাড়তি মেদের লেশমাত্র নেই। এই দুই ফুটবলারকে ম্যাচ ফিট করাই টিম ম্যানেজমেন্টের লক্ষ্য। গত মরশুমে প্লে-মেকারের অভাবে ভুগতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। সেই অভাব পূরণ করতে সেরা বাজি ব্রাজিলিয়ান বল প্লেয়ার। আর ম্যাকলারেনকে ঠিকঠাক বল ফিড করতে পারলে লক্ষ্যভেদ নিয়ে চিন্তা করতে হবে না। ডুরান্ড কাপের নক-আউটের আগে সেই কম্বিনেশন গড়ে তোলাই পানোসের লক্ষ্য।
সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ খেলবে মোহন বাগান। প্রতিপক্ষ সিআইএসএফ ডুরান্ডের দুর্বল দলগুলোর মধ্যে অন্যতম। হাবাসের ইস্ট বেঙ্গল গোলের মালা পরিয়েছিল তাদের। অনেকেরই ধারণা, সোমবারও গোলের ফোয়ারা ছুটলে অবাক হওয়ার থাকবে না। গ্রুপে প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলকে ১-০ গোলে পরাস্ত করেছিল মোহন বাগান। এরপর সাউথ ইউনাইটেডকে ৮-০ ব্যবধানে চূর্ণ করেন লিস্টনরা। ফের বড়ো ব্যবধানে জিতে নক-আউটের আগে আত্মবিশ্বাস বাড়াতে চান মোহন বাগানের গ্রিক কোচ। প্যানাজিওটিস ডিম্পেরিস আক্রমণাত্মক ফুটবল দর্শনে বিশ্বাসী। সেইমতো সোনায় মোড়া দল গড়েছে টিম ম্যানেজমেন্ট। চটজলদি পাসিং ও পজেশনাল ফুটবলে জোর দিচ্ছেন সবুজ-মেরুন সারথি। দ্রুত গুছিয়ে নিতে পারলে ঝলমলিয়ে উঠবে সবুজ-মেরুন শিবির।
এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোট ভোগাচ্ছে আপুইয়াকে। মিজো ফুটবলার রিহ্যাবে ব্যস্ত। ম্যানেজমেন্টের আশা নক-আউটের আগে ফিট হয়ে যাবেন তিনি। পাশাপাশি, দ্রুত দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছাংতে ও জেলজোকোভিচের। এদিকে, মোহন বাগান থেকে চেন্নাইয়ান এফসিতে যোগ দিচ্ছেন ডিফেন্ডার দীপ্যেন্দু বিশ্বাস। ঘরোয়া লিগে পাওয়া যাবে না তাঁকে। অন্যদিকে, মোহন বাগানের হয়ে ১৫০ ম্যাচ খেলার নজির গড়েছেন লিস্টন। রবিবার অনুশীলনের পর সমর্থকরা সংবর্ধিত করেন তাঁকে।
কিশোর ভারতীতে ম্যাচ শুরু বিকেল ৪টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।