নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: কার্তিক মাসের শেষ সপ্তাহেই শীতের আভাস। লাগাতার নিম্নমুখী সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। রায়গঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। আর এই শীতের আভাস পেয়ে ধাপে ধাপে নতুন গন্তব্যে উড়ে যাওয়া শুরু করেছে রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসের পরিযায়ী পাখিদের দল। বিশেষ করে ওপেন বিল স্টর্ক, গ্লসি আইবিস প্রজাতির পাখিগুলিই আগেভাগে ঝাঁকে ঝাঁকে যাওয়া শুরু করেছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।
ফি বছর জুন মাসে হাজার হাজার পরিযায়ী পাখি উড়ে আসে এশিয়ার সর্ববৃহৎ পক্ষীনিবাস হিসেবে পরিচিত কুলিকে। কুলিক নদীর পাড়ে বৃহৎ এই পক্ষী অভয়ারণ্য ও পার্শ্ববর্তী গাছগাছালিতে সেগুলি বাসা বাঁধে। মূলত ওপেন বিল স্টর্ক, নাইট হেরন, ইগ্রেটস, লিটিল কর্মরান্ট এই চার প্রজাতির পাখি আসে। তবে বিগত কয়েক বছরে এদের সঙ্গে নতুন অতিথি হিসেবে আগমন হয়েছে গ্লসি আইবিস নামে আরও এক প্রজাতির পরিযায়ী পাখির। এবার আবার এই তালিকায় যুক্ত হচ্ছে ওরিয়েন্টাল ডারটার প্রজাতিও। যেটি পক্ষীনিবাস সহ পার্শ্ববর্তী এলাকায় এসে হাজির হয়েছে। প্রজননের মাধ্যমে তারা ডিম ফুটিয়ে শাবকের জন্ম দিয়েছে। পাখির কলতানে ভরে ওঠে পক্ষীনিবাস ও সংলগ্ন চত্বর। এরমাঝেই শাবকদের উড়তে শেখানো, বড় করে তোলার মতো প্রক্রিয়া চলতে থাকে টানা কয়েক মাস ধরে। এরপর পুরোমাত্রায় শীতকাল শুরুর আগেভাগেই বাসা বদল শুরু করে তারা। উড়ে যায় দূরদুরান্তে।
উত্তর দিনাজপুর জেলার একটি পরিবেশপ্রেমী সংগঠনের অন্যতম সদস্য গৌতম তান্তিয়া বলেন, প্রতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে পাখিদের চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়।
এবারও কুলিক পক্ষীনিবাসের মূল আকর্ষণ ওপেন বিল স্টর্ক আগে উড়ে যাওয়া শুরু করেছে। তারপর ধাপে ধাপে নাইট হেরন, গ্লসি আইবিস প্রজাতির পাখি উড়ে যাওয়া শুরু করেছে।
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, ফি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকে পরিযায়ী পাখির দল ফিরে যায় নতুন জায়গায়।
সম্প্রতি শিলাবৃষ্টি হয়েছে। তাতে শীতের আমেজ বেড়েছে রায়গঞ্জে। আর তাতেই এবার মরশুমের শুরুতে আসা একাংশ পাখি উড়ে যাওয়া শুরু করে দিয়েছে। এরা আবার ফিরবে আগামী বছর জুন-জুলাই মাসে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়ত পরিযায়ী পাখির পুরোটাই উড়ে যাবে নতুন গন্তব্যের উদ্দেশে।



