নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: শীতের আমেজ শুরু হয়েছে। সকাল ও সন্ধ্যায় বইছে হিমেল হাওয়া। গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয়ে পরিযায়ী পাখিদের আসা শুরু হয়েছে। আর এরমধ্যে চারপাশের শাল-পিয়ালের ঘন জঙ্গল ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা।
শালবনের গভীরে প্রায় ১৫০ বিঘা এলাকাজুড়ে রয়েছে ঝিল্লি পাখিরালয়ের জলাশয়। শাল-পিয়ালের জঙ্গলে ঘেরা। শীত পড়তেই এই জলাশয়ে ভিড় জমায় নানা প্রজাতির পরিযায়ী পাখি। ঝাড়গ্রামের বৃন্দাবনপুরে সাইবেরিয়ার রুবিথ্রোট বা চুনিকণ্ঠী পাখির দেখা মিলেছে। ঝিল্লি পাখিরালয়ের জলাশয়ে পিয়ং হাঁস, হুইসলিং ডাক, মুরহেনের মত পাখিদের ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তে সাধারণ পর্যটক থেকে পক্ষীপ্রেমীরা ছুটে আসছেন। আবার ফটোগ্রাফারদের লম্বা লেন্স নিয়েও দেখা যাচ্ছে। পক্ষীপ্রেমীদের মতে, পাখি দেখার আদর্শ সময় ভোরবেলা এবং বিকাল। এক পশলা বৃষ্টির পর পাখি দেখার সুযোগ বেড়ে যায়। কারণ, বৃষ্টির পর পোকামাকড়ের সন্ধানে জলাশয়ের আশপাশে বেরিয়ে আসে পরিযায়ী পাখিরা। ওই এলাকায়, পর্যটকদের থাকার জন্য দু’টি কটেজ রয়েছে। ছোটদের বিনোদনের জন্য তৈরি হয়েছে খেলার পার্ক ও ফুলের বাগান। জলাশয়ে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। ওয়াচ টাওয়ারে উঠে প্রকৃতির সৌন্দর্য দেখা যায়। কলকাতার বেহালার বাসিন্দা সন্দীপ দেবনাথ বলেন, পাখি দেখার টানে ঝিল্লি পাখিরালয়ে এসেছি। খবর পাচ্ছি ঝাড়গ্রামে এবার সাইবেরিয়ার রুবিথ্রোট পাখির দেখা পাওয়া গিয়েছে। আশা করছি আরও নতুন প্রজাতির পরিযায়ী পাখির দেখা পাব। সেই সঙ্গে ক্যামেরায় ছবিও তুলে রাখব। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে ঝিল্লি পাখিরালয়ে আরও পাঁচটি কটেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। ঝাড়গ্রাম শহরের গাড়ি চালক প্রণব শীট বলেন, ঝিল্লি পাখিরালয়ে পর্যটকদের নিয়ে যাচ্ছি। আগের থেকে পর্যটক সংখ্যা বেড়েছে। তবে কেন্দুয়ানা চক থেকে ঝিল্লি পাখিরালয় যাওয়ার ৭ কিমি রাস্তাটি খারাপ। সংস্কারের দরকার। গোপীবল্লভপুর-১ পঞ্চায়েত সমিতির এক সদস্য বলেন, ঝিল্লি পাখিরালয় জেলার অন্যতম পর্যটনকেন্দ্র। শীতের সময় বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। পর্যটকদের সংখ্যা বাড়ায় এক বছর আগে আরও পাঁচটি কটেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রস্তাবও পাঠানো হয়েছে। অনুমোদন হয়েছে কিনা জানি না। যদিও ব্লক প্রশাসনের এক আধিকারিক বলেন, ঝিল্লি পাখিরালয়ে আরও পাঁচটি কটেজের প্রস্তাব পাঠানো বিষয়ে কোনো কাগজপত্র আমাদের কাছে নেই।-নিজস্ব চিত্র



