সংবাদদাতা, মানবাজার: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। সোমবার সকালে দেহ বরাবাজারের বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন গোটা পরিবার সহ গ্রামবাসীরা। মৃত পরিযায়ী শ্রমিক নরেশ ওরাংয়ের বাড়ি পুরুলিয়ার বরাবাজার থানার লটপদা গ্রাম পঞ্চায়েতের হেরবনা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কনস্ট্রাকশনের কাজে যোগ দিতে যান বছর তেইশের নরেশ। সেখানে শনিবার সকালে বৈদ্যুতিক যন্ত্রের তার ইলেকট্রিক বোর্ডে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এরপরেই সোমবার সকাল ন’টা নাগাদ বিশাখাপত্তনম থেকে তার দেহ আনা হয় গ্রামে। কান্নায় ভেঙে পড়েন নরেশের স্ত্রী জ্যোৎস্না ওরাং সহ তার মা, বাবা ভাইয়েরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেশরা তিন ভাই। বাড়িতে রয়েছে তাঁর বাবা-মা। বড় ভাইয়ের আগে বিয়ে হয়ে গিয়েছে। মেজ ভাই নরেশের বছর দুই আগে বিয়ে হয়। তাঁর একটি এক বছরের কন্যা সন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। সোমবার দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত পরিযায়ী শ্রমিক নরেশের পরিবারকে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার কেন্দ্রীয় সভাপতি অশোক মাহাত। পরিবারটিকে সাহায্যের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন বলেও দাবি করেন। মৃত পরিযায়ী শ্রমিক নরেশ ওরং।



