নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি এড কলেজের অনুমোদন পাইয়ে দেওয়ার নামে টাকা তুলছে যারা সেই দালালদের থেকে সাবধান করে বুধবারই বিজ্ঞপ্তি দিয়েছিল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এবার প্রায় সেই পথে হাঁটল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলি করিয়ে দেওয়ার নাম করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা তাঁদের সঙ্গে যোগাযোগ করে অনৈতিক প্রস্তাব দিচ্ছে। এমন অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে কমিশন। তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিয়মবিধি মেনে বদলির আবেদন করা শিক্ষক-শিক্ষাকর্মীদের সঙ্গে এই ব্যক্তিরা যোগাযোগ করছে। এদের সঙ্গে কমিশনের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক নেই। বদলি হবে বিধি মেনেই। এরকম কোনো প্রস্তাব কারও কাছ থেকে পেলে শিক্ষক-শিক্ষাকর্মীরা যেন পুলিশ, দুর্নীতিদমন শাখা এবং কমিশনে অভিযোগ জানান। এও বলা হয়েছে, জরুরিকালীন বদলির ক্ষেত্রে কমিশন শুধুমাত্র সুপারিশকারী সংস্থা হিসাবে কাজ করে। চূড়ান্ত অনুমোদন দেয় মধ্যশিক্ষা পর্ষদ।



