নিজস্ব প্রতিনিধি, মালদহ: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কারা ঘর পাওয়ার ‘যোগ্য’, তা নিয়ে ঝাড়াইবাছাই চলছে মালদহে। প্রশাসন সূত্রে খবর, সার্ভের পর পুনরায় যাচাই করতে গিয়ে লক্ষাধিক বেনিফিশিয়ারি আদৌও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই পরিস্থিতিতে সক্রিয় হয়েছে দালালরা। অভিযোগ, টাকার বিনিময়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার টোপ দিচ্ছে বেনিফিশিয়ারিদের। কেউ কেউ আবার নিজেকে সরকারি কর্মী বলেও পরিচয় দিচ্ছে। বিষয়টি কানে এসেছে জেলা প্রশাসনের। তাদের তরফে লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে বিষয়টি। একইসঙ্গে দালাল নিয়ে বাসিন্দাদের সতর্ক করতে গ্রামে মাইকিং করারও সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) ভাস্কর মজুমদার বলেন, যোগ্য বেনিফিশিয়ারিরাই যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান, সেজন্য কয়েক দফায় যাচাই করা হচ্ছে। সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে কোথাও কোথাও কে বা কারা টাকা চেয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা পুলিশকে জানিয়েছি। সেইসঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে কেউ যাতে ‘কাটমানি’ না দেন, সেজন্য আমরা গ্রামে মাইকিং করছি। মালদহ জেলা প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য ৩ লক্ষ ১৪ হাজার বাড়িতে প্রাথমিক সমীক্ষা চালানো হয়। এর মধ্যে ১ লক্ষ ৭৯ হাজার বাড়ির ক্ষেত্রে রি-চেকিং বা পুনরায় যাচাই করা হয়েছে। তাতে ১ লক্ষ ৩৪ হাজার বাড়ির ক্ষেত্রে সেগুলি আদৌও প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আসার যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে বেনিফিশিয়ারি নির্বাচনে যাতে স্বচ্ছতা থাকে, সেজন্য আমরা এক পঞ্চায়েতের কর্মীকে দিয়ে অন্য পঞ্চায়েতে বেনিফিশিয়ারি যাচাইয়ের কাজ করিয়েছি। তার পরও যেসব বেনিফিশিয়ারি এই প্রকল্পে সুবিধা পাওয়ার উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেগুলি নিস্পত্তির জন্য ব্লকস্তরের কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিডিওর পাশাপাশি স্থানীয় বিধায়কও থাকছেন। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বলেন, খসড়া তালিকা প্রকাশের পর প্রতিটি পঞ্চায়েতে তা ১৫ দিনের জন্য টাঙানো থাকবে। সেখানেও কোনো নাম নিয়ে আপত্তি জানাতে পারেন যে কেউ। সেক্ষেত্রে ফের যাচাই হবে।
জেলা প্রশাসন সূত্রে খবর, কালিয়াচক-৩ ব্লকের একাধিক গ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দালালরা টাকা চেয়েছে বলে অভিযোগ। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর-১, রতুয়া-১ ও মানিকচক ব্লকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি সংশ্লিষ্ট প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।



