সংবাদদাতা, উলুবেড়িয়া: মিড ডে মিলে ভিন্ন স্বাদ আনতে দিনকয়েক আগে এগ চিকেন চাউমিনের আয়োজন করেছিল শ্যামপুরের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়। সেই নয়া মেনুতে খুশিও হয়েছিল ক্ষুদে পড়ুয়ারা। বুধবার গণেশ পুজোর দিন তাদের মিড ডে মিলে দেওয়া হল গরম গরম তালের বড়া আর ভাজা পিঠে। পড়াশোনা শেষে এমন খাবার পেয়ে বেজায় খুশি পড়ুয়ারা। শ্যামপুর উত্তর চক্রের রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়ার সংখ্যা ১১৬। শিক্ষক শিক্ষিকার সংখ্যা সাত। চিরাচরিত ক্লাস রুমে বসে পড়াশোনা করা ছাড়াও স্মার্ট ক্লাস রয়েছে। পড়াশোনার পাশাপাশি স্কুলে যোগব্যায়াম, ছবি আঁকাও শেখানো হয়। শুধু তাই নয়, মিড ডে মিলে সিজিন্যাল বা মরশুমি খাবার দেওয়া হয়। এসব নিয়েই স্কুলে আসার আগ্রহ বেড়েছে ছাত্রছাত্রীদের। মিড ডে মিলের মেনুতে তালের বড়া আর ভাজা পিঠের আয়োজন প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরদীপ জানা বলেন, বাঙালির খাদ্য-সংস্কৃতির মধ্যে অন্যতম তাল। দিন কয়েকের আগেই ছিল তাল নবমী, পাশাপাশি আজ গণেশ চতুর্থী। আর সেই কারণে ছাত্রছাত্রীদের জন্য এই মেনুর আয়োজন। প্রত্যেক মাসেই আমরা ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলে কিছু ভিন্ন স্বাদের খাবার দেওয়ার চেষ্টা করে।



