‘তেনেরিফে বিপর্যয়’! ঠিক ৪৮ বছর আগে ঘটেছিল ইতিহাসের ভয়ঙ্করতম বিমান দুর্ঘটনাটি। তারিখটা ১৯৭৭ সালের ২৭ মার্চ। আফ্রিকার পশ্চিম উপকূল সংলগ্ন কানারি দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ তেনেরিফে তখন বিকেল। দ্বীপপুঞ্জটি স্পেনের অধীন হলেও স্বায়ত্তশাসিত। সেখানকার আর এক গ্র্যান ক্যানারিয়ার লাস পালমাস থেকে ওড়ার কথা ছিল দু’টি বোয়িং ৭৪৭ বিমানের। কিন্তু বিধি বাম! লাস পালমাসে জঙ্গি হামলা ঘটে ঠিক সেদিনই। সব বিমান ঘুরিয়ে লস রোডেওস বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা তুলনামূলক ছোট বিমানবন্দর। শুধু স্থানীয় ফ্লাইট ওড়ে। তাছাড়া সেদিন আবার ছিল রবিবার। ছুটির দিন। বিমান চলাচলও কম। কন্ট্রোল টাওয়ারের দায়িত্বে ছিলেন মাত্র দু’জন। বিমানবন্দরের চারপাশে আবহাওয়া ছিল খুবই খারাপ। আকাশে মেঘ জমছিল। কুয়াশাও ক্রমে ঘন হয়ে আসছিল। কম দৃশ্যমানতার জেরেই রানওয়েতে দাঁড়ানো একটি বিমানে সরাসরি গিয়ে ধাক্কা মারে অপর একটি প্লেন। দু’টিই ছিল বোয়িং ৭৪৭। মুহূর্তে বিস্ফোরণ। প্রাণ হারান দু’টি বিমানের ৫৮৩ জন যাত্রী। ৬১ জনকে জীবিত ছিলেন।



