ফ্রেজারগঞ্জ, নামখানা ও সাগরে শুরু মাইকিং, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৎপরতা
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন ঘূর্ণিঝড় ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে উপকূলের দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল থাকবে নদী ও সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে সব ট্রলার মালিক ও মাঝিদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই সব ট্রলার উপকূলে ফিরে আসতে শুরু করেছে। এছাড়াও উপকূলের বাসিন্দা ও মৎস্যজীবীদের সতর্ক করতে সাগর, নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে স্থল ও জলপথে মাইকিং করা হচ্ছে। 

Advertisement

বুধবার সকাল থেকেই উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা। অন্যদিকে, সুন্দরবনের একাধিক জায়গায় দুর্বল নদী ও সমুদ্র বাঁধের উপরে সেচদপ্তরের পক্ষ থেকে নজর রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে জেলা, মহকুমা ও ব্লক প্রশাসন তৎপর রয়েছে। 
জমিতে ধান কাটার কাজ শুরু হয়ে গিয়েছে। গাছে ধানও প্রায় পরিপক্ক হয়ে গিয়েছে। এই সময় প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইলে ধান গাছের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কাকদ্বীপের এক ধান চাষি শুভাশিস মাইতি বলেন, ‘এখন গাছে ধান পরিপক্ক হয়ে গিয়েছে। গাছের আগা ভারী হয়ে রয়েছে। এই সময় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইলে চাষের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বহু চাষি আবার ধান কাটার কাজ শুরু করে দিয়েছেন। তাঁরা এখনও মাঠের ধান জমির উঠোনে তুলতে পারেননি। এই সময় বৃষ্টি হলে ওই ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই খুবই চিন্তার মধ্যে রয়েছি।’