Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদলে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি

মহিষাদলে সমবায় সমিতির নির্বাচনে জয়ী বিজেপি
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হলদিয়া: রবিবার মহিষাদলের ঝাউপাথরা কৃষি সমবায় উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল বিজেপি। সমিতির পরিচালন কমিটির নির্বাচনে ৫২টি আসনের মধ্যে বিজেপি জয়ী হয়েছে ৩৬টি আসনে এবং তৃণমূল পেয়েছে ১৬টি। এরমধ্যে একটি আসনে টাই হয়ে যাওয়ার পর টসে জয়ী হয় বিজেপি। এদিন ঝাউপাথরার ওই নির্বাচনকে ঘিরে দিনভর টানটান উত্তেজনা ছিল। দু’পক্ষের জেলার নেতা ও বিধায়করা উপস্থিত ছিলেন।  শনিবার রাজ্যে ৬টি উপনির্বাচনে হেরে সারা রাজ্যের সঙ্গে মহিষাদলেও বিজেপি কর্মী সমর্থকরা মুষড়ে পড়েছিলেন। সমবায় ভোটের ফলাফল নিয়ে বিজেপির মধ্যে সংশয় ছিল। তবে দিনের শেষে ভোটে জিতে যাওয়ায় বিজেপির নেতা কর্মীদের মুখে চওড়া হাসি ফুটেছে। ওই সমবায়ে মোট ১৩৯০ জন ভোটার রয়েছেন। এদিন ভোট পড়েছে ১১৩৫টি। বিজেপির জেলা নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেন, কাঞ্চনপুর এলাকার সংখ্যালঘু ভোটারদের একাংশের ভোট বিজেপির পক্ষে যাওয়ায় সুবিধা হয়েছে। ওই এলাকার ১০টি আসনের সাতটি বিজেপির পক্ষে গিয়েছে। ঝাউপাথরার ১১টি আসনের ৯টি বিজেপির পক্ষে যাওয়ায় সমবায়ে জয় পেতে বিজেপির সুবিধা হয়েছে। এই জয়ে গড়কমলপুর ও লক্ষ্যা ২ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা অক্সিজেন পেয়েছে। তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, ওই সমবায় দু’টি গ্রাম পঞ্চায়েতের সীমানা এলাকায়। ওখানে বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে। কয়েকটি বুথে বিজেপির লিড থাকায় স্বাভাবিকভাবেই সমবায় ভোটে তার প্রভাব পড়েছে। তবে এই হার থেকে তৃণমূলকে শিক্ষা নিতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাস-ই পরাজয়ের অন্যতম কারণ।
Advertisement
সম্পর্কিত সংবাদ