মুম্বই: ভোট বৈতরণী পার করার লক্ষ্যে বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ‘মুখ্যমন্ত্রী লড়কি বহিন’ প্রকল্প চালু হয়েছিল মহারাষ্ট্রে। ভোট মিটতেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রং বদলাতে শুরু করেছে সেখানকার বিজেপি নেতৃত্বাধীন সরকার। সূত্রে খবর, রাজ্যের ভাঁড়ারে টান পড়েছে। তাই চাপ কমাতে এবার সাধারণের উপর কোপ। লড়কি বাহিন প্রকল্প থেকে এক ধাক্কায় প্রায় ৫০ লক্ষ মহিলার নাম বাদ দিতে চলেছে মহারাষ্ট্র সরকার। সরকার পক্ষের সাফাই, মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে না। বরং এই প্রকল্পে অনুপযুক্ত প্রাপকদের নাম সরিয়ে দেওয়া হচ্ছে। এতে আরও স্বচ্ছতা আসবে। এক্ষেত্রে আয়কর দপ্তরের সহযোগিতায় যোগ্য প্রাপকদের চিহ্নিত করা হচ্ছে। এর জেরে অর্থের অপচয়ও কমবে। এর আগে প্রায় ৯ লক্ষ নাম বাদ পড়েছিল। এবার টার্গেট প্রায় ৫০ লক্ষ। যদিও সরকারের এই ‘মনমর্জির মাপকাঠি’ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।
Advertisement
প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই প্রশংসায় পঞ্চমুখ ছিল মহাযুতি সরকার। তাদের কথায়, রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রাথমিকভাবে সুবিধা পেয়েছিলেন প্রায় ২ কোটি ৪৬ লক্ষ মহিলা। কিন্তু ক্ষমতায় আসার পর দফায় দফায় এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। তাহলে সবই কি ভোট টানার কৌশল? প্রশ্ন তুলছেন বিরোধীরা।



