সংবাদদাতা, হলদিয়া: ইন্ডিয়া জোটের মধ্যে থাকা তৃণমূলের মতো আঞ্চলিক দলগুলি তাদের রাজ্যে বিজেপির সঙ্গে লড়াই করছে বা পরাস্ত করছে। কিন্তু, কংগ্রেস মহারাষ্ট্র বা হরিয়ানায় সেই দায়িত্ব পালন করেনি। কংগ্রেস ওই রাজ্যগুলিতে কেন বিজেপিকে রুখতে পারেনি বা কেন ফেল করল, তা নিয়ে ওদের আত্মসমালোচনা করা উচিত। শনিবার হলদিয়ায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি হলদিয়ার ক্ষুদিরাম মেলায় এসেছিলেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধি মঞ্চ ‘ইন্ডিয়া’ তৈরি করেছিলেন। দেখা যাচ্ছে, তৃণমূলের মতো রাজ্য ভিত্তিক দল হয়েও যারা সর্বভারতীয় ক্ষেত্রে কাজ করে, তারা বিজেপিকে রুখছে, কিন্তু কংগ্রেস তার দায়িত্ব পালন করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিল্লির কোনও পদের জন্য আমার আগ্রহ নেই। যেহেতু ইন্ডিয়া ফ্রন্ট তিনি তৈরি করেছিলেন, তাই কোনও সমস্যা হলে বাংলায় বসেই ফ্রন্ট মসৃণভাবে চালিয়ে দিতে পারবেন। কংগ্রেস বিজেপি বিরোধিতার মূল দায়িত্বে থেকেও কেন ফেল করছে, তা তাদের ভাবতে হবে।



