নিজস্ব সংবাদদাতা, ফাঁসিদেওয়া: গোরু পাচারকারীর পর বাংলাদেশি বালি মাফিয়াদের দৌরাত্ম্য! অভিযোগ, ফাঁসিদেওয়ার বাংলাদেশ সীমান্তে অপরিকল্পিতভাবে মহানন্দা নদীতে খাদান গড়ে বালি তুলছে বাংলাদেশি মাফিয়ারা। এরজেরে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে বলে এপারের বন্দরগছ গ্রামের বাসিন্দাদের আশঙ্কা। স্থানীয় প্রশাসনের একাংশ এনিয়ে রীতিমতো উদ্বিগ্ন। তারা বিষয়টি নিয়ে বিএসএফের হস্তক্ষেপ চাইছে। ফাঁসিদেওয়ার বিডিও বিপ্লব বিশ্বাস অবশ্য বলেন, বিষয়টি নজরে এসেছে। এটা আন্তর্জাতিক বিষয়। এ ব্যাপারে বিএসএফকেই উদ্যোগী হতে হবে। এই ইস্যুতে সহযোগিতা চাইলে করব। শিলিগুড়ি থেকে প্রায় ২১ কিমি দূরে ফাঁসিদেওয়া। এখানে ভারত-বাংলাদেশ সীমান্তে রয়েছে মহানন্দা নদী। নদীর এপারে ফাঁসিদেওয়া-বাঁশগাঁও গ্রাম পঞ্চায়েতের বন্দরগছ। এখানে বাঁধের উপর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে। নদীর ওপারেই বাংলাদেশের তেঁতুলিয়া জেলার বাংলাবান্ধা গ্রাম।



