Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, খুনের অভিযোগ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: শোওয়ার ঘর থেকে মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ইটাহারের বামনিগাঁও পানিশালা গ্রামে। মৃতের নাম পারো দেবী (৪০)। স্থানীয় সূত্রে খবর, বিতর্কিত জমির ভাগাভাগিকে কেন্দ্র করে বোনের সঙ্গে বেশ কিছু থেকে ঝামেলা চলছিল পারোর। ফলে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ঘনিয়েছে রহস্য। পুলিস জানিয়েছে, মহিলার মাথা সহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে খুন করা হয়েছে মহিলাকে। এর পিছনে জমি বিবাদ না অন্য কোনও রহস্য রয়েছে, সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর ছেলে অতুল নুনিয়ার সঙ্গে পানিশালায় এক কামড়ার টিনের বাড়িতে থাকতেন পারো। কিছুদিন আগে নিজের নামে থাকা কয়েক কাঠা জমি বিক্রি করে পাকা বাড়ি করছিলেন তিনি। শনিবার রাতে খাবার খেয়ে শুয়েছিলেন পারো। অতুলের দাবি, রাতে মায়ের সঙ্গে তাঁর একবার কথা হয়েছিল। ভোরে শৌচকর্মের জন্য বাইরে গিয়েছিলেন। ফিরে দেখেন ঘরেই পড়ে আছে মায়ের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ। অতুল বলেন, কেউ মাকে খুন করেছে।
তবে স্থানীয়দের দাবি, জমি ভাগাভাগিকে কেন্দ্র করে কিছুদিন বোন মুনিয়া সিং ও ভাগ্নে জীতেন সিং সহ কয়েকজনের সঙ্গে ঝামেলা চলছিল পারোর। এবিষয়ে দিনকয়েক আগে পারো থানায় অভিযোগ জানান। পুলিস তদন্ত শুরু করার পর রবিবার সকালে পারোর দেহ উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে যান আইসি সুকুমার ঘোষ।  দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ