সংবাদদাতা, বর্ধমান: মহিলার আপত্তিকর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিস। ধৃতের নাম মোজাহার শেখ। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার খানপুর বেলদাপাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল ও সিম বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। বিচারক চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানিয়েছে, মন্তেশ্বর থানা এলাকায় ওই মহিলার বাড়ি। কর্মসূত্রে তাঁর স্বামী ভিনরাজ্যে থাকেন। স্বামী না থাকার সময় ফোনে তাঁর সঙ্গে মোজাহারের পরিচয় হয়। দু’জনের মধ্যে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে দু’জনের মধ্যে ফোনে কথাবার্তা শুরু হয়। তারপরে তারা ভিডিও কলে কথাবার্তা বলত। ভিডিওকলে কথাবার্তা চলাকালীন বেশকিছু আপত্তিকর মুহূর্তের ছবি অভিযুক্ত রেকর্ড করে নেয়। তা হোয়াটসঅ্যাপে মহিলা ও তাঁর স্বামীকে পাঠাতে শুরু করে মোজাহার। এরপর গত বছরের নভেম্বর মাসে মহিলার আপত্তিকর ছবি সমাজ মাধ্যমে ভাইরাল করে দেয় অভিযুক্ত। বিষয়টি জানার পরই মহিলা ঘটনার কথা জানিয়ে সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।



