সংবাদদাতা, ফালাকাটা: এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ ইস্ট-ওয়েস্ট করিডর বা মহাসড়কের কাজ। তবে এই কাজে এখনও জটিলতা থাকায় বাধার মুখে পড়তে হচ্ছে নির্মাণকারী সংস্থাকে। রাস্তার ধারের ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবিতে আন্দোলন করছেন। আবার কোথাও কাজে বাধাও দিচ্ছেন। তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে ব্যবসায়ীদের এই আন্দোলনও বহু পুরোনো। কিন্তু এখনও দাবি পূরণ না হওয়ায় সোমবার পলাশবাড়ি এলাকায় রাস্তায় ঝাড়ু হাতে মিছিল করলেন ব্যবসায়ীরা। এই মিছিলে প্রথম সারিতে ছিলেন মহিলারাই। মহিলাদের মধ্যে কেউ কেউ নিজেই ব্যবসায়ী। আবার অনেকের স্বামীর এই রাস্তার পাশে দোকান রয়েছে। তাদের হাতে ছিল ঝাড়ু। পলাশবাড়ি বাসস্ট্যান্ড থেকে শিলতোর্ষা সেতু পর্যন্ত মিছিল হয়। ঘাটপাড় এলাকায় একটি আর্থমুভার ছিল। সেখানে বিক্ষোভও দেখানো হয়। তখন রাস্তা দিয়ে মহাসড়ক নির্মাণকারী সংস্থার এক প্রতিনিধির গাড়ি যাচ্ছিল। সেই গাড়ির পথ আটকে নিজেদের দাবি জানান ব্যবসায়ীরা। সেই প্রতিনিধি বিষয়টি প্রশাসনের উপরমহলে জানাবেন বলে আশ্বাস দেন।
Advertisement
মহিলা ব্যবসায়ীরা জানান, কেউ ৩০বছর, কেউ ৪০বছর ধরে ব্যবসা করছেন। রাস্তা হোক, সেটা তাঁরাও চান। কিন্তু দোকান ভাঙতে হলে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে। কিন্তু ঝাড়ু হাতে কেন জানতে চাইলে শিলবাড়িহাট ব্যবসায়ী সমিতির সম্পাদক নিখিলকুমার পোদ্দার জানান, ব্যবসায়ীরা সবাই রাস্তার পক্ষে। তবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিরুদ্ধে কোনও অশুভ শক্তি কাজ করছে। সেই অশুভ শক্তিকে তাড়াতেই এদিন মহিলারা ঝাড়ু হাতে মিছিলে শামিল হন।



