Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিলা শিল্পোদ্যোগীর সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা, দাবি চন্দ্রনাথের

মহিলা শিল্পোদ্যোগীর সংখ্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা, দাবি চন্দ্রনাথের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: রাজ্যে শিল্পবান্ধব পরিস্থিতির জন্য উদ্যোগপতি হওয়ার আগ্রহ বাড়ছে মহিলাদের মধ্যে। মহিলা শিল্পোদ্যোগীর সংখ্যায় দেশে প্রথম স্থানে রয়েছে বাংলা। শনিবার এমএসএমই (মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস) দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
Advertisement
ছোট ও মাঝারি শিল্প স্থাপনে ব্যাঙ্ক লোন পাওয়া থেকে শুরু করে কী কী অসুবিধা হচ্ছে, এদিন মালদহ কলেজ অডিটোরিয়ামের অনুষ্ঠানে সরাসরি উদ্যোগপতিদের মুখ থেকে শোনেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। মালদহের পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক কর্তা এবং উদ্যোগপতিরাও ছিলেন সেখানে। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতি বছর জেলায় জেলায় গিয়ে শিল্প উদ্যোগীদের সমস্যার কথা শুনি। তাঁদের অসুবিধা দূর করার জন্যই এখানে এসেছি।
চন্দ্রনাথের কথায়, প্রচুর মহিলা এগিয়ে আসছেন উদ্যোগপতি হওয়ার জন্য। দেশের মধ্যে এক্ষেত্রে বাংলা এক নম্বরেই রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরের যে মহিলারা ভাবছেন কিছু করবেন, তাঁরা এগিয়ে আসুন। সরকার আপনাদের সবরকম সাহায্য করতে প্রস্তুত।
বিশ্বে আমের শহর হিসেবে পরিচিত মালদহ। এদিনের সিনার্জিতে মন্ত্রী, আমলা থেকে উদ্যোগপতিদের মুখে বারবার উঠে এসেছে আমকে কেন্দ্র করে প্রক্রিয়াকরণ কেন্দ্রের কথা। এখানে আমের প্যাক হাউস থাকলেও দীর্ঘদিন ধরেই সেটি পরিত্যক্ত। প্রশাসন নতুন করে প্যাক হাউস সাজিয়ে তোলার চেষ্টা করছে। এদিনের আলোচনায় উঠে আসে গৌড় সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শনকে কেন্দ্র করে পর্যটন ও রেশম শিল্পের কথা।  
মালদহ মার্চেন্টস চেম্বার অফ কমার্স এদিন ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে আটদফা দাবিতে একটি স্মারকলিপি দেয়। মালদহের বিভিন্ন জলাশয়ে মাছ চাষ হচ্ছে না। সেগুলিতে মাখনা চাষের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কারণ মাখনা এখন জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলের জায়গা নিচ্ছে।
সংগঠনের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, সিনার্জি অনুষ্ঠানে সংগঠনের তরফে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছি। প্রধান সচিব সমস্ত অভাব, অভিযোগের কথা শুনেছেন। তবে মন্ত্রী আমাদের কথা শুনলে আরও ভালো হতো। এছাড়া মালদহের ট্রাক টার্মিনাসের জন্য নির্দিষ্ট জায়গা নিয়েও প্রশাসন এবং উদ্যোগপতিদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।
সম্পর্কিত সংবাদ