সংবাদদাতা, কাঁথি: প্রয়াগরাজের মহাকুম্ভে স্নান করতে গিয়ে কাঁথির জুনপুট কোস্টাল থানার ছোটবানতলিয়া এলাকার এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। পবন জানা নামে ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধের মঙ্গলবার থেকে খোঁজ না পাওয়ায় রীতিমতো উদ্বিগ্ন পরিবারের লোকজন। তাঁরা তিনদিন ধরে উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ রুমে জামাকাপড়, মোবাইল ফোন রেখে গামছা পরে মহাকুম্ভে তাঁর সঙ্গী কয়েকজনের সঙ্গে স্নান করতে নেমেছিলেন পবনবাবু। তারপর থেকে আর খোঁজই পাওয়া যায়নি পবনবাবুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছোটবানতলিয়ার পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ আদাবেড়িয়ার বাসিন্দা বন্ধু বলাই দাসের পরিবারের লোকজনের সঙ্গে সোমবার কলকাতা হয়ে প্রয়াগরাজে গিয়েছিলেন পবনবাবু। তারপর মঙ্গলবার এই ঘটনা। এদিকে পবনবাবুকে বহু চেষ্টার পর খুঁজে না পেয়ে তাঁর সঙ্গে থাকা বলাইবাবু সহ পরিবারের লোকজন স্থানীয় থানায় জানান। সেখানে ঘন ঘন মাইকিংও করা হয়েছে। তারপরও পবনবাবুর কোনও হদিশ মেলেনি। এদিকে এই পরিস্থিতিতে নিখোঁজ পবনবাবুর ছেলে আনন্দ জানা সহ পরিবারের সদস্য ও আত্মীয়রা বৃহস্পতিবার প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছেন। স্নান সেরে ওঠার সময় পবনবাবু পথ হারিয়ে ফেলেছেন, নাকি অন্য কোনও ঘটনায় তিনি নিখোঁজ হয়েছেন তা এখনও পরিষ্কার নয়। পবনবাবু কোনওভাবে ত্রিবেণী সঙ্গমঘাটের কাছে পদপিষ্ট হয়েছেন কি না, তাও পরিষ্কার নয়। এদিকে পবনবাবু নিখোঁজ হওয়ার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে খুঁজে দেওয়ার আবেদন করেছেন পরিবারের লোকজন সহ আত্মীয়রা। আনন্দবাবু বলেন, বাবা নিখোঁজ হওয়ার পর থেকে খুবই চিন্তায় রয়েছি। সেখানকার পুলিস-প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে।



