উপকরণ: মুগ ডাল ১ কাপ, সুজি ২ টেবিল চামচ, বেসন ২ টেবিল চামচ, ঘি কাপ+২ চামচ, ছোট এলাচ ৬-৮টি, ঘন দুধ ১ কাপ, কেশর চামচ, চিনি ১ কাপ, জল ১ কাপ, জায়ফল গুঁড়ো চামচ, কাজু, পেস্তা কুচি এবং কিসমিস কাপ, গোলাপ জল সামান্য।
Advertisement
প্রণালী: প্রথমে ১ কাপ মুগ ডাল ধুয়ে ১ঘন্টা ভিজিয়ে রাখুন। এবার জল ঝরিয়ে একটি থালার উপর ছড়িয়ে শুকিয়ে নিন। একটি ননস্টিক প্যানে ১ চামচ ঘি দিয়ে কাজু, পেস্তা এবং কিসমিস ভেজে রাখুন। এরপর ওই প্যানেই আরও ঘি দিয়ে ডাল লালচে করে ভেজে নিন। তাতে ছোট এলাচ মিশিয়ে সবটা একসঙ্গে গুঁড়ো করে নিন। একটি প্যানে ১ কাপ চিনি ১ কাপ জল সহ ফোটান। তাতে চিনির রস তৈরি হবে। এবার ঘন দুধ গরম করে তাতে কেশর ভেজান। এরপর কড়াইতে কাপ ঘি নিয়ে তাতে প্রথমে বেসন এবং সুজি দিতে হবে এবং বেশ লালচে ভাজা হলে তাতে মুগ ডাল এবং এলাচ গুঁড়োর মিশ্রণ মিশিয়ে দিতে হবে। এবার পুরো মিশ্রণটি কম আঁচে ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, অন্তত ১৫ মিনিট। এই সময়ের পর দেখা যাবে মিশ্রণটি লালচে হয়ে ফুলে ফুলে উঠছে এবং তার চারপাশ থেকে ঘি ছেড়ে আসছে। এমন অবস্থায় কেশর মিশ্রিত দুধ অল্প করে ৪-৫টি ভাগে ডালের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিন। এবং ক্রমাগত নাড়িয়ে যেতে থাকুন। এর ফলে মুগ ডালের হালুয়ার মধ্যে একটি দানা দানা ভাবের সৃষ্টি হবে। এভাবে আরও ২-৩ মিনিট নাড়ার পর যখন দুধ পুরো শুকিয়ে যাবে তখন তাতে চিনির রস অল্প অল্প করে মেশাতে হবে এবং নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন ঘি পুরোপুরি ছেড়ে আসবে তখন উপর থেকে আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটস, সামান্য গোলাপ জল এবং জায়ফল গুঁড়ো মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে সুস্বাদু এই পদ মুগ হালুয়া।
পাপিয়া সান্যাল চৌধুরী



