Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কোরিয়াকে বশ মানিয়ে সবার আগে নক-আউটে মেক্সিকো

প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের নক-আউট পর্যায়ে জায়গা নিশ্চিত করল অন্যতম আয়োজক মেক্সিকো।

কোরিয়াকে বশ মানিয়ে সবার আগে নক-আউটে মেক্সিকো
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেক্সিকো-১     :    দক্ষিণ কোরিয়া-০

Advertisement

মেক্সিকো সিটি: প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের নক-আউট পর্যায়ে জায়গা নিশ্চিত করল অন্যতম আয়োজক মেক্সিকো। শুক্রবার গ্রুপ এ’র ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল তারা। দ্বিতীয়ার্ধের গোড়ায় লুইস রোমোর একমাত্র গোলে জিতে মেক্সিকো এখন গ্রুপের শীর্ষে। সেই সুবাদে পাকা হয় রাউন্ড অব ৩২-এর টিকিট।
উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছিল মেক্সিকো। অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও জয়ের ধারা বজায় রাখলেন রাউল গিমেনেজ, জুলিয়ান কুইনোনেসরা। ঘরের মাঠ গুয়াদালাজারা স্টেডিয়ামে প্রথমার্ধে অবশ্য মেক্সিকানদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে কোরিয়ানরা। একাধিক আক্রমণ শানিয়েও শুধু গোলটাই পায়নি তারা। খেলা শুরুর ১৫ মিনিটের মাথায় অধিনায়ক সন হিউং মিন প্রায় লক্ষ্যভেদ করে ফেলেছিলেন। গোললাইন থেকে বাইসাইকেল কিকে তাঁর শট ফেরান এডসন আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিটের মধ্যেই লুইস রোমোর গোলে এগিয়ে যায় মেক্সিকো। এক্ষেত্রে গোলরক্ষকের ভুলের মাশুল দিতে হয় কোরিয়াকে। বক্সে ভেসে আসা বল লাফিয়ে গ্রিপ করেও মাটিতে পড়ার সময় তা বেরিয়ে যায় কিম সেউং-গিউর দস্তানা থেকে। সামনেই দাঁড়িয়ে ছিলেন অরক্ষিত রোমো। বল জালে ঠেলতে ভুল করেননি তিনি (১-০)। এরপর শত চেষ্টাতেও সমতা ফেরাতে পারেনি দক্ষিণ কোরিয়া। ম্যাচ শেষে মেক্সিকোর কোচ হাভিয়ের আগুয়েরের উচ্ছ্বসিত মন্তব্য, ‘ঘরের মাঠে বিপুল প্রত্যাশার চাপ সত্ত্বেও সেরা পারফরম্যান্স মেলে ধরেছে ছেলেরা। এক ম্যাচ বাকি থাকতে নিশ্চিত হয়েছে নক-আউটের টিকিট। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। পরের ম্যাচগুলিতে এই আত্মবিশ্বাস কাজে আসবে।’
এদিকে, বৃহস্পতিবার রাতে জন মানজাম্বির জোড়া গোলের সুবাদে বসনিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে সুইৎজারল্যান্ড। 

Advertisement
সম্পর্কিত সংবাদ