নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাদা-ভাইয়ের মঙ্গলকামনায় আজ বৃহস্পতিবার ‘যমের দুয়ারে কাঁটা’ দেবে লাখ লাখ দিদি-বোনোরা। ভাইফোঁটা উপলক্ষ্যে সরকারি অফিস-কাছারি, স্কুল-কলেজ বন্ধ। স্বভাবতই রাস্তায় নিত্যযাত্রীদের চাপ তুলনায় কম থাকবে। সেই সূত্রে ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা কম চলবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে ২৭২টি মেট্রো পরিষেবা চলে। তা কমে আগামীকাল হবে ১৮২টি পরিষেবা। অর্থাৎ ভ্রাতৃদ্বিতীয়ায় শহরের সবচেয়ে ব্যস্ত মেট্রোপথে সারাদিনে ৯০টি মেট্রো পরিষেবা হ্রাস পাবে। যদিও মেট্রো চলাচলের সময়সূচি অপরিবর্তিত থাকবে। একইভাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ করিডরে কমবে মেট্রো পরিষেবা। কাজের দিনগুলিতে দেশের প্রথম নদীগর্ভের মেট্রো রুটে ২২৬টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। সরকারি ছুটির জন্য আজ ৭৮টি পরিষেবা কমবে। সব মিলিয়ে সারাদিনে এই রুটে ১৪৮টি মেট্রো পরিষেবা ছুটবে হাওড়া-সল্টলেক পথে। যদিও সারাদিনে মেট্রো চলাচলের সময়সূচি একই থাকবে। যদিও, দু’টি মেট্রো পরিষেবার মধ্যে সময়ের ব্যবধান আজ বাড়বে। নর্থ-সাউথ মেট্রো করিডোরে বিভিন্ন যান্ত্রিক কারণে নিয়মিতই দেরিতে চলে ট্রেন। এদিন সেই প্রতীক্ষার পালা আরও দীর্ঘায়িত হবে বলেই আশঙ্কা যাত্রীদের একাংশের। এদিকে, সংশ্লিষ্ট দুই রুটে পরিষেবা কমলেও আজ ভাইফোঁটায় শহরের বাকি তিনটি রুটে মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে। এই তিনটি রুট হল—নোয়াপাড়া-বিমানবন্দর, জোকা-মাঝেরহাট এবং কবি সুভাষ-বেলেঘাটা।



