নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বঙ্কিম সভাকক্ষে এবিভিপির আলোচনাসভা নিয়ে বিতর্কের পরে ফের একটি ঘটনা সামনে এল এই শিক্ষাপ্রতিষ্ঠানে। দেখা গিয়েছে, বি টি রোড ক্যাম্পাসের রামানুজন ভবনের নীচে, ‘সোনার তরী’র পাশে জাতীয় পতাকা উত্তোলনের মঞ্চে উড়ছে এবিভিপির পতাকা। মঙ্গলবার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে ক্যাম্পাস থেকে। দেখা গিয়েছে, ত্রিবর্ণরঞ্জিত বেদিতে দু’টি পোস্ট রয়েছে। একটি জাতীয় পতাকার। সেখানে কোনো ঝান্ডা নেই। বেদিতে থাকা আরেকটি ছোটো পোস্টে উড়ছে এবিভিপির ঝান্ডা। এই ঘটনায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলেছেন অধ্যাপক এবং পড়ুয়াদের একাংশ। যদিও এবিভিপির কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য শুভব্রত অধিকারী বলেন, ‘এটা অনেক পুরানো ছবি। পাশে জাতীয় পতাকা লাগানো আছে। পরিকল্পিতভাবে তা কেটে দেওয়া হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি এবিভিপির পতাকা উত্তোলন হয়েছিল। নীচে জাতীয় পতাকার প্রতিকৃতি কোথাও নেই। সাংগঠনিক লড়াইয়ে না পেরে বামেদের অধ্যাপক সংগঠনের ওয়েবকুটা ও এসএফআই কুৎসা রটাচ্ছে। এদের কোনো জনভিত্তি নেই।’ যদিও, এর পরেই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশে কোনো জাতীয় পতাকা ছাড়াই উড়ছে এবিভিপির পতাকা। এদিন দুপুরেও তা উড়তে দেখা গিয়েছে বলে দাবি অধ্যাপকদের একাংশের।



