Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মৌখিক নির্দেশ নেই, আদালতে জানাল রাজ্য, মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ

কোনো লিখিত নোটিস বা নির্দেশ ছাড়াই রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে

মৌখিক নির্দেশ নেই, আদালতে জানাল রাজ্য, মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজ
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনো লিখিত নোটিস বা নির্দেশ ছাড়াই রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে। এই অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলাটি খারিজ করে দিয়েছে। মামলায় যথাযথ তথ্যের অভাবের কারণে সেটি খারিজ করা হয়েছে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলাকারী তথা আইনজীবী দানিশ ফারুকীর অভিযোগ ছিল, পুলিশ মৌখিকভাবে নির্দেশ দিয়ে জোর করে মসজিদ থেকে মাইক খোলানোর কাজ করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো আদেশ দেবে না আদালত। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, সংবাদপত্রের প্রতিবেদনের উপর নির্ভর করে মামলা করা হয়েছে। তাছাড়া, যে চার হাজার মসজিদ থেকে মাইক খোলার কথা বলা হয়েছে, সেগুলির অধিকাংশই এই মামলায় যুক্ত হয়নি বলে জানিয়েছে হাইকোর্ট। তাই তাদের বক্তব্যও জানা যায়নি। এসব যুক্তিকে সামনে রেখে মামলাটি খারিজ করা হয়েছে। 

Advertisement

মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন,‌ পুলিশের পক্ষ থেকে কোনো আইনি নোটিস ছাড়াই জোর করে লাউডস্পিকার খোলা হয়েছে। ফোনে ইমামদের হুমকি দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে চার হাজার মসজিদ থেকে এভাবেই মৌখিক নির্দেশে মাইক খুলে নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের বক্তব্য জানতে চায় ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল জানিয়ে দেন, এরকম কোনো মৌখিক নির্দেশ দেওয়া হয়নি। পাশাপাশি মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলা খারিজ হয়। পরে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আদালত স্পষ্ট করে দিয়েছে, যেমন আজান চালাচ্ছিলেন, তেমন আজান চালাবেন। আইন অনুযায়ী যে ডেসিবেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সেই মতো আজান চলবে। রাজ্য আদালতে বলেছে এরকম কোনো মৌখিক নির্দেশ দেওয়া হয়নি। পুলিশ মৌখিক নির্দেশ দিলে এবার থেকে কোনো মসজিদে মাইক খোলা হবে না। পুলিশ এসে মসজিদে ঢুকলে পালটা মামলা দায়ের হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ