Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু আগামী বছরই, লাইন পাতার কাজ শেষ রেলের

শহরের মেট্রো পরিবহণ ব্যবস্থায় ইএম বাইপাসের বেলেঘাটা স্টেশনের সঙ্গে যুক্ত হতে চলেছে সেক্টর ফাইভ।

বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা শুরু আগামী বছরই, লাইন পাতার কাজ শেষ রেলের
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের মেট্রো পরিবহণ ব্যবস্থায় ইএম বাইপাসের বেলেঘাটা স্টেশনের সঙ্গে যুক্ত হতে চলেছে সেক্টর ফাইভ। আগামী বছরের মাঝামাঝি সময়ে কবি সুভাষ থেকে সরাসরি ইএম বাইপাস-চিংড়িঘাটা হয়ে বহু প্রতীক্ষিত সেক্টর ফাইভ (আইটি সেন্টার) পর্যন্ত ছুটতে পারে মেট্রো। তৃণমূল আমলে চিংড়িঘাটায় পিলার নির্মাণ থেকে কংক্রিটের মেট্রোপথ তৈরির ক্ষেত্রে বাধার মুখে পড়েছিল এই প্রকল্প। প্রায় পাঁচ বছর মাত্র ৩১২ মিটার মেট্রোপথ তৈরির অনুমতি আটকে রেখেছিল কলকাতা পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ। পালাবদলের কয়েক সপ্তাহের মধ্যেই ডবল ইঞ্জিন সরকার মাত্র কয়েক ঘণ্টায় চিংড়িঘাটার জট ছাড়িয়ে ফেলে। তারপরই মেট্রো রুট নির্মাণের কাজে গতি বাড়ে। ইতিমধ্যেই বেলেঘাটা থেকে আইটি সেন্টার স্টেশন পর্যন্ত রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর এই মেট্রোপথে প্রথম ট্রলি পরিদর্শন হয়েছে। অর্থাৎ এবার ইলেকট্রিক্যাল, সিগন্যালিং সহ রেক চলাচলের উপযুক্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু হবে। সূত্রের দাবি, বকেয়া কাজ শেষে খালি রেক নিয়ে কয়েকমাস এই বর্ধিত রুটে মেট্রোর মহড়া দৌড় চলবে। পরিশেষে যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস) পরিদর্শন হবে। সব মিলিয়ে এই কাজ শেষ হতে কমপক্ষে ছ’মাসের বেশি সময় লাগতে পারে।

Advertisement

উল্লেখ্য, ২০১০ সালে কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর মেট্রো প্রকল্পের অনুমোদন মিলেছিল। তারপর কেটে গিয়েছে ১৬ বছর। ৩২ কিলোমিটার এই মেট্রো করিডরের মধ্যে দু’দফায় এখনও পর্যন্ত কবি সুভাষ ও বেলেঘাটার মধ্যে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। মূলত চিংড়িঘাটার জটিলতার কারণে এই প্রকল্প প্রায় পাঁচ বছর পিছিয়ে গিয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ ইএম বাইপাস হয়ে সেক্টর ফাইভে যাতায়াত করেন। সড়কপথের যান যন্ত্রণায় তিতিবিরক্ত যাত্রীদের আর কয়েকমাস অপেক্ষা করতে হবে। তারপর কবি সুভাষ থেকে সোজা সেক্টর ফাইভ পর্যন্ত শীতাতপ কামরায় সফরের সুখকর অভিজ্ঞতা উপভোগ করবে আম জনতা। কেন্দ্র-রাজ্য উভয় সরকার অগ্রাধিকারের ভিত্তিতে এই রুটে মেট্রোর বাণিজ্যিক দৌড় চালু করতে বদ্ধপরিকর বলে দাবি করেছেন রেলের কর্তারা। এই করিডর খুলে গেলে যাত্রীদের কাছে আরও এক জোড়া মেট্রো রুট ব্যবহারের সুযোগ মিলবে। কারণ অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনে নেমে যাত্রীরা ইস্ট-ওয়েস্ট রুটের সেক্টর ফাইভ স্টেশন থেকে হাওড়া ময়দান রুট ব্যবহার করতে পারবেন। এমনকি, এসপ্ল্যানেড স্টেশনে যাত্রীরা ফের লাইনের বদল করার সুযোগও পাবেন। সেক্ষেত্রে যাত্রীদের কাছে গড়িয়া স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু-লাইনের যে কোনো গন্তব্যে পৌঁছানো সহজ হবে। পরবর্তীকালে আইটি সেন্টার থেকে টানা বিমানবন্দর পর্যন্ত অবশিষ্ট রুটে যাত্রী পরিষেবা চালুর লক্ষ্যে কাজ শুরু হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ