Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

২২ মিনিট অন্তর মেট্রো, সূচি বদল জোকা-মাঝেরহাট রুটে

প্রথম থেকেই যাত্রীর অভাবে ধুঁকছে জোকা-মাঝেরহাট মেট্রো রুট। সপ্তাহে পাঁচদিন (সোমবার থেকে শুক্রবার) কয়েক ঘণ্টার জন্য চলে এই মেট্রো।

২২ মিনিট অন্তর মেট্রো, সূচি বদল জোকা-মাঝেরহাট রুটে
  • ৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম থেকেই যাত্রীর অভাবে ধুঁকছে জোকা-মাঝেরহাট মেট্রো রুট। সপ্তাহে পাঁচদিন (সোমবার থেকে শুক্রবার) কয়েক ঘণ্টার জন্য চলে এই মেট্রো। এই মেট্রো রুটকে জনপ্রিয় করে তুলতে বদল আসছে সময়সূচিতে। আগামী সোমবার থেকে এই রুটে মেট্রো পরিষেবার সংখ্যা বাড়ছে। আগামী সোমবার, ৫ মে থেকে জোকা-মাঝেরহাট করিডরে সারাদিনে ৪০টি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। ২০টি আপে ও ২০টি ডাউনে। বর্তমানে দুই অভিমুখে ৯টি করে মোট ১৮টি পরিষেবা চলে। যদিও এসব করেও যাত্রী সংখ্যা কতটা বৃদ্ধি পাবে, তা নিয়ে মেট্রোকর্তাদের মনেই যথেষ্ট সংশয় রয়েছে। এখন জোকা-মাঝেরহাট মেট্রোপথে দু’টি রেক আসার মাঝে প্রায় এক ঘণ্টার (৫০ মিনিট) ব্যবধান। ফলে সামান্য আগে কোনও রেক চলে গেলে তীর্থের কাকের মতো পরবর্তী মেট্রোর জন্য অপেক্ষা করতে হয়। সোমবার থেকে প্রতীক্ষার পালা প্রায় আধঘণ্টা কমতে চলেছে। সপ্তাহের প্রথম কাজের দিন থেকে ২২ মিনিট অন্তর জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবা মিলবে। ওই দিন থেকেই সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন লাগু হচ্ছে। এতদিন মাঝেরহাট থেকে সকাল ৮টা ৫৫ মিনিটে দিনের প্রথম মেট্রো যাত্রা শুরু করত। সোমবার থেকে তা ছাড়বে সকাল ৮টা ২৭ মিনিটে। জোকা থেকে প্রথম পরিষেবার সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন হচ্ছে না। আগের মতোই সকাল সাড়ে ৮টায় সেখানে দিনের প্রথম পরিষেবা মিলবে। দিনের শেষ মেট্রো মাঝেরহাট ও জোকা থেকে যথাক্রমে দুপুর ৩টে ৩৫ মিনিট ও ৩টে ১০ মিনিটে ছাড়ে। সোমবার থেকে দুই স্টেশন থেকেই দুপুর ৩টে ২৮ মিনিটে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেবে দিনের শেষ পরিষেবা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ