মিনেসোটা- ৪ : ইন্তার মায়ামি- ১
মিনেসোটা- ৪ : ইন্তার মায়ামি- ১
ফ্লোরিডা: হঠাৎই ছন্দপতন ইন্তার মায়ামির। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমি-ফাইনালে দু’লেগে হেরে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছিলেন মেসিরা। এবার মেজর লিগ সকারে লজ্জার হারের মুখ দেখল ডেভিড বেকহ্যামের দল। রবিবার অ্যাওয়ে ম্যাচে মিনেসোটার কাছে ১-৪ গোলে বশ মানল হাভিয়ের মাসচেরানো ব্রিগেড। এদিন লিও মেসি জাল কাঁপালেও, বাকিদের ব্যর্থতায় জঘন্যভাবে হেরে মাঠ ছাড়ল ইন্তার। সেই সুবাদে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে গেল তারা। ১১ ম্যাচে মেসিদের সংগ্রহ ২১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সিনসিনাটি।
চলতি মরশুমের শুরুটা দারুণ করেছিল ইন্তার মায়ামি। তবে সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হারে তারা। রবিবার মিনেসোটার বিরুদ্ধে প্রচুর সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ আলবা-বুস্কেতসরা। মূলত আপফ্রন্টে লুই সুয়ারেজের অনুপস্থিতিতে ভুগতে হচ্ছে মায়ামির দলটিকে। পক্ষান্তরে, প্রতি-আক্রমণাত্মক ফুটবলে ভর করে প্রথমার্ধেই দু’গোলের লিড নেয় মিনেসোটা। বিরতির পর অবশ্য ব্যবধান কমান মেসি। আলবার পাস থেকে জাল কাঁপান তিনি। এই পর্বে মনে হয়েছিল, ঘুরে দাঁড়াবে ইন্তার। তবে রক্ষণের ব্যর্থতায় দ্বিতীয়ার্ধে আরও দু’গোল হজম করে তারা।