Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আর্জেন্তিনাকে ফের বিশ্বকাপ জেতাতে চান মেসি

সবকিছু ঠিক থাকলে, ২০২৬ বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে আর্জেন্তিনাকে নেতৃত্ব দেবেন লায়োনেল মেসি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বাঁ পায়ের জাদুকর।

আর্জেন্তিনাকে ফের বিশ্বকাপ জেতাতে চান মেসি
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: সবকিছু ঠিক থাকলে, ২০২৬ বিশ্বকাপে খেতাব ধরে রাখার লড়াইয়ে আর্জেন্তিনাকে নেতৃত্ব দেবেন লায়োনেল মেসি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বাঁ পায়ের জাদুকর। লিও সাফ জানিয়ে দেন, সেরা পারফরম্যান্স মেলে ধরার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি। মন্তব্য, ‘আমি বিশ্বকাপ খেলতে চাই। দেশের হয়ে আরও একটা সাফল্যে অবদান রাখতে পারলে খুশি হব। তবে তারজন্য ম্যাচ ফিট থাকা জরুরি।’ উল্লেখ্য, দু’দিন আগেই ইন্তার মায়ামির হয়ে শরীর ছুড়ে হেডে গোল করে মেসি প্রমাণ করেছেন, তিনি এখনও ফিট।

Advertisement

২০২২ বিশ্বকাপে মেসির হাত ধরেই তৃতীয়বার শিরোপা জেতে আর্জেন্তিনা। তখন তাঁর বয়স ছিল ৩৫। আর আগামী বছর অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে ৩৯’এ পা দেবেন এলএমটেন। ফলে আশঙ্কার মেঘ ছিল। কিন্তু তিনি যে বিশ্ব ফুটবলের জাদুকর। বিশ্বের বহু ক্লাবের প্রস্তাব থাকলেও পিএসজি ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন আমেরিকার ইন্তার মায়ামি। তাঁর সিদ্ধান্তে পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। কারণ ২০২৬ বিশ্বকাপের আসর বসবে মার্কিন মুলুকে। আর মেজর লিগ সকারে খেলার চাপ ইপিএল বা লা লিগার তুলনায় অনেক কম। তাই পরের বিশ্বকাপের জন্য শক্তি সঞ্চিত রাখতে ইন্তার মায়ামির বিকল্প হয় না। তা সত্ত্বেও আশঙ্কা তৈরি হয়েছিল গত ৪ সেপ্টেম্বর। সেদিন ঘরের মাঠে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছিল আর্জেন্তিনার। মেসি ঘোষণা করেছিলেন, দেশের মাটিতে শেষ ম্যাচ খেলতে নামবেন তিনি। খেলা শুরুর আগে ও পরে কাঁদতেও দেখা গিয়েছিল এলএমটেনকে। সকলেই ধরে নিয়েছিলেন লায়োনেলের অবসর আসন্ন। তবে সম্প্রতি বিশ্বকাপে খেলার বিষয় পরিষ্কার করে ভক্তদের মুখে হাসি ফোটালেন মেসি। আপাতত আর্জেন্তাইন মহাতারকার পাখির চোখ মেজর লিগ সকার ট্রফিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ