Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ডালাসে ডিয়েগো মারাদোনার আক্ষেপ মেটাতে তৈরি মেসি, প্রতিপক্ষ জর্ডন

ডালাসে মেসির জাদুতে মারাদোনার স্মৃতি ফিরিয়ে আনতে প্রস্তুত আর্জেন্টিনা। রবিবার জর্ডনের বিরুদ্ধে ম্যাচে বড় জয়ে আক্ষেপ মেটাতে চান তারা। বিস্তারিত পড়ুন।

ডালাসে ডিয়েগো মারাদোনার আক্ষেপ মেটাতে তৈরি মেসি, প্রতিপক্ষ জর্ডন
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সৌগত গঙ্গোপাধ্যায়: স্টেডিয়াম থেকে ক্যাবে মিনিট তিরিশের পথ! ডালাসের ডাউনটাউন রস অ্যাভিনিউয়ের মোড়ে শুক্রবার সন্ধ্যা থেকেই ভিড়। কাঠকয়লার আগুনে পোড়া মাংসের ধোঁয়া, চিমিচূরি শসের তীক্ষ্ণ ঘ্রাণ, আর ভেসে আসছে ট্যাঙ্গোর সুর। কোরিয়েন্টেস ৩৪৮ স্টেকহাউস— ডালাসের বুকে গেড়ে বসা যেন এক টুকরো বুয়েনস আইরেস! নীল-সাদা জার্সি, স্কার্ফ, মুখে আঁকা লা আলবিসেলেস্তের রঙে আর্জেন্তাইন রেস্তরাঁ রীতিমতো গমগম করছে। কেউ বলছেন মেসির গল্প, আবার কেউ বা রবিবার জর্ডনের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়ার ভাবনায় ব্যস্ত। 

Advertisement

রেস্তরাঁর ভেতরের ট্যাঙ্গো রুমে অন্য ছবি। চুপ করে বসে আছেন জনা চারেক বয়স্ক আর্জেন্তাইন। তাঁদের চোখে করুণ স্মৃতি। এই শহরকে অন্যভাবে চেনেন তাঁরা। ১৯৯৪ সালে ড্রাগের কারণে ডালাসেই বিশ্বকাপ থেকে বহিষ্কৃত করা হয় ডিয়েগো মারাদোনাকে। ফুটবলের রাজপুত্র ক্লান্ত গলায় সেদিন বলেছিলেন, ‘ওরা আমার পা কেটে নিল’— ট্যাঙ্গো রুমের বয়স্ক মানুষগুলো সেই রাতের সাক্ষী ছিলেন। সেই কান্না বুকে নিয়ে আবার ডালাসে এসেছেন। ‘কিন্তু এবার ভয় নেই। সঙ্গে আছে মেসি।’— ৭০ বছরের এক বৃদ্ধ স্বস্তি দিতেই টেনশন কাটল। আর তা কাটারই কথা। চলতি বিশ্বকাপে ২ ম্যাচে ইতিমধ্যেই ৫বার জাল কাঁপিয়েছেন লিও। ক্লোজেকে টপকে এখন বিশ্বকাপের সর্বাধিক গোলদাতাও মেসি (১৮)। শুধু তাই নয়, প্রথম দু’টি ম্যাচ জিতে গ্রুপ জে-এর শীর্ষে থেকে আর্জেন্তিনাও পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে ফেলেছে। তাই ডালাস স্টেডিয়ামে রবিবারের ম্যাচ টেকনিক্যালি নিয়মরক্ষার। কিন্তু, মারাদোনার স্মৃতির শহরে আর্জেন্তিনার কোনো ম্যাচই আসলে তিন পয়েন্টের হিসাব নয়। বরং বড়ো ব্যবধানে জিতে ফুটবল রাজপুত্রের আক্ষেপ মেটাতেই মাঠে নামবে স্কালোনি-ব্রিগেড।
জর্ডন প্রথমবার বিশ্বকাপ খেলছে। প্রথম দুই ম্যাচের পরও ঝুলি শূন্য। পরের রাউন্ডে যাওয়ার আশা শেষ। তাদের হারানোর কিছু নেই। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার বিরুদ্ধে স্মরণীয় পারফরম্যান্স মেলে ধরতে জান লড়িয়ে দেবে জামাল সেলামির দল। প্রতিপক্ষকে তাই হালকাভাবে নিতে নারাজ আর্জেন্তিনার কোচ স্কালোনি। তবে নক-আউটের আগে বেঞ্চ স্ট্রেন্থও ঝালিয়ে নেওয়া দরকার। সেজন্য দলে বেশ কিছু পরিবর্তনের পরিকল্পনা করেছেন তিনি। এমনকি, প্রথম একাদশে মেসিকেও দেখতে পাওয়ার সম্ভাবনা কম। গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকা মহাতারকা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে পারেন। এদিনও অনুশীলনে হালকা গা ঘামান এলএমটেন। প্রথমার্ধে আর্জেন্তিনার আক্রমণভাগে দেখা যেতে পারে জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেস ও সিমিওনেকে। মাঝমাঠে পারাদেস, বার্কোর সঙ্গে চর্চায় লো সেলসো। গত ম্যাচে হালকা চোট পেয়েছিলেন ডিফেন্সের স্তম্ভ কুটি রোমেরো। তাই রবিবার সেনেসিকে ঝালিয়ে নেওয়ার ভাবনা কোচের। তবে তেকাঠির নীচে এমিলিয়ানো মার্তিনেজের থাকার সম্ভাবনাই প্রবল। বেস ক্যাম্প কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে ডিবুকে প্রথম একাদশে রেখেই সিচুয়েশন প্র্যাকটিস করিয়েছেন স্কালোনি। রবিবার ডালাসের সমর্থকরা অবশ্য অপেক্ষায় থাকবেন মেসি ম্যাজিকের। তা সে হোক না দ্বিতীয়ার্ধের কয়েক মিনিট। মারাদোনার আক্ষেপ মিটিয়ে ফুল ফোটাবেন মেসি!

Advertisement
সম্পর্কিত সংবাদ