Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মাত্র ১৮ মিনিট মাঠে মেসি!

যুবভারতী ক্রীড়াঙ্গনে লায়োনেল মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন দর্শকরা। ডিসেম্বরের শীত উপেক্ষা করে কাকভোরে এসে ভিড় জমিয়েছিলেন মাঠে।

মাত্র ১৮ মিনিট মাঠে মেসি!
  • ১৩ ডিসেম্বর, ২০২৫ ২০:১২
Prefer us on Google

অনির্বাণ রক্ষিত: যুবভারতী ক্রীড়াঙ্গনে লায়োনেল মেসিকে দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেছিলেন দর্শকরা। ডিসেম্বরের শীত উপেক্ষা করে কাকভোরে এসে ভিড় জমিয়েছিলেন মাঠে। একটাই কারণ, এলএম১০-কে একটিবার চোখে দেখা। কিন্তু ভিআইপিদের ভিড়ে মেসিকে সেভাবে দেখতে পেলেন না ভক্তরা! তাই রাগে-ক্ষোভে-দুঃখে মাঠে বোতল ছুঁড়লেন মাঠে উপস্থিত থাকা দর্শকরা। 

Advertisement

এদিন মাত্র ১৮ মিনিট মেসি মাঠে থাকেন। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যতটুকু সময় মেসি যুবভারতীতে ছিলেন, তখন তাঁকে নিরাপত্তারক্ষীরা এমনভাবে ঘিরে রেখেছিলেন, গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্যেও তাঁদের রাজপুত্রকে সেভাবে দেখার সুযোগ পাননি। এদিকে নিরাপত্তারক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরই মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া থেকে হোর্ডিং, সব ছিঁড়ে দেন মেসি ভক্তরা। ১১.৫২ মিনিটে মেসিকে বার করে নিয়ে যাওয়া হয়। তখনও পর্যন্ত মাঠে এসে পৌঁছননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান বা সৌরভ গঙ্গোপাধ্যায়।

আর্জেন্তিনার তারকা মাঠ থেকে বেরিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক সময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হু-হু করে লোক ঢুকতে শুরু করে। সব মিলিয়ে যুবভারতী রণক্ষেত্রের চেহারা নেয়। মাঠের দখল নিয়ে নেয় অন্তত হাজার দু’য়েক লোক। মাঠে ঢুকে কেউ ডিগবাজি খেয়েছেন, কেউ নিজস্বী তুলেছেন, কেউ আবার লাফিয়েছেন। বলা ভালো, যুবভারতীর মাঠে যে যা খুশি করেছেন। অনেকের বক্তব্য, ফাঁকা মাঠে কয়েক জন নিরাপত্তারক্ষীকে দিয়ে মেসিকে মাঠের চার দিকে মিনিট পাঁচেক ঘোরালেই সকলে তাঁকে ভালো করে দেখতে পেতেন। কিন্তু তেমন কোনও ব্যবস্থাই করা হয়নি। 

লায়োনেল মেসিকে এক ঝলক দেখার আশায় ভরা যুবভারতী ক্রীড়াঙ্গণ শেষ পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রত্যাশামতো মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ