Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / খেলা

প্রতিপক্ষ ভেনিজুয়েলা, ঘরের মাঠে শেষ ম্যাচের আগে আবেগপ্রবণ মেসি

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে অনেক আগেই। তাই বাছাই পর্বের বাকি দু’টি ম্যাচ নিছকই নিয়মরক্ষার। তবে বৃহস্পতিবার (ভারতীয় সময় শুক্রবার ভোরে) ভেনিজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা অনেকটাই স্পেশাল আর্জেন্তাইনদের কাছে।

প্রতিপক্ষ ভেনিজুয়েলা, ঘরের মাঠে শেষ ম্যাচের আগে আবেগপ্রবণ মেসি
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বুয়েনস আইরেস: ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে অনেক আগেই। তাই বাছাই পর্বের বাকি দু’টি ম্যাচ নিছকই নিয়মরক্ষার। তবে বৃহস্পতিবার (ভারতীয় সময় শুক্রবার ভোরে) ভেনিজুয়েলার বিরুদ্ধে ম্যাচটা অনেকটাই স্পেশাল আর্জেন্তাইনদের কাছে। কারণ, সম্ভবত শেষবারের জন্য দেশের মাটিতে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামবেন দলের প্রাণভ্রমরা লায়োনেল মেসি। তাই এই ম্যাচ ঘিরে বেশ আবেগতাড়িত এলএমটেন। ম্যাচের দিন গ্যালারিতে হাজির থাকবে তাঁর গোটা পরিবার। আর সকলের উপস্থিতিতে নীল-সাদা জার্সিতে আরও একবার জ্বলে ওঠাই লক্ষ্য বাঁ পায়ের জাদুকরের। উল্লেখ্য, বিশ্বকাপের বাছাই পর্বে ১৬ ম্যাচে আর্জেন্তিনার সংগ্রহ ৩৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই পরের দু’টি ম্যাচে পয়েন্ট খোয়ালেও শীর্ষস্থান অক্ষত থাকবে। কোচ লায়োনেল স্কালোনির লক্ষ্য জয়ের ছন্দ বজায় রাখা।

Advertisement

২০০৫ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটে মেসির। দীর্ঘ দু’দশকে ১৯৩ ম্যাচে ১১২টি গোল রয়েছে তাঁর নামের পাশে। আন্তর্জাতিক আঙিনায় সর্বাধিক গোলদাতার তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১৩৮) পরেই তিনি। তবে সাফল্যের নিরিখে পর্তুগিজ মহাতারকাকে টেক্কা দিয়েছেন লিও। একটি বিশ্বকাপ, জোড়া কোপা আমেরিকা সহ ওলিম্পিকস সোনা রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া আটবার ব্যালন ডি’ওর জিতেছেন তিনি। অনেকেই মনে করেছিলেন, ২০২২ বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্তাইন মহাতারকা। তবে তাঁদের ভুল প্রমাণ করে আরও চার বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবার অবশ্য আর কোনও লুকোচুরি না করেই মেসি জানান, ‘ভেনিজুয়েলার বিরুদ্ধে সম্ভবত শেষবার দেশের মাটিতে খেলতে চলেছি। ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনও ম্যাচ লেতে পারব কিনা জানি না। তাই এই ম্যাচটা খুবই স্পেশাল। আমার পরিবারের প্রত্যেকটি সদস্য সেদিন হাজির থাকবে। কাছের মানুষ ও প্রতিটি আর্জেন্তাইনের জন্য সেদিন সেরাটা মেলে ধরতে চাই।’
বিশ্বকাপ বাছাই পর্বে নামছে ব্রাজিলও। বৃহস্পতিবার (শুক্রবার ভারতীয় ভোরে) তাদের প্রতিপক্ষ চিলি। উল্লেখ্য, নেইমারকে বাইরে রেখেই আরও একবার দল ঘোষণা করেছেন কোচ আনসেলোত্তি। যা নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। এমনকী, নির্বাসনের কারণে এই ম্যাচে নেই ভিনিসিয়াস। তাই আপফ্রন্টের দুর্বলতা ঢাকাই চ্যালেঞ্জ অভিজ্ঞ ইতালিয়ান কোচের।
 আর্জেন্তিনা : ভেনেজুয়েলা (শুক্রবার ভোর ৫ টায়)
 ব্রাজিল : চিলি (শুক্রবার ভোর ৬ টায়)

Advertisement
সম্পর্কিত সংবাদ