Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পারদ বৃদ্ধি, আপাতত নয় কড়া ঠান্ডা

পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেক দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ওই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে শীতের মাত্রা কমতে শুরু করেছে।

পারদ বৃদ্ধি,  আপাতত নয় কড়া ঠান্ডা
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেক দূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ওই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে শীতের মাত্রা কমতে শুরু করেছে।  কয়েকদিন ধরে যে শীতের আমেজ  ছিল তা অতটা নেই। আগামী কয়েকদিন ধরে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কয়েকদিন যাবৎ দক্ষিণবঙ্গে শীতল এবং শুষ্ক উত্তর-পশ্চিমি ও উত্তুরে হাওয়া সক্রিয় ছিল। উত্তর-মধ্য ভারতের ঠান্ডা এলাকার দিক থেকে আসা ওই বাতাসের জন্য সর্বনিম্ন তাপমাত্রা কমেছিল। কিন্তু এবার নিম্নচাপের প্রভাবে বায়ু প্রবাহের গতিপ্রকৃতির পরিবর্তন হয়েছে। বায়ুমণ্ডলের নীচের স্তরে উত্তর-পূর্ব ও পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। দক্ষিণ দিক থেকে কখনওসখনও বাতাস আসছে। বঙ্গোপসাগরের দিক থেকে আসা এই দখিনা-পুবালি উষ্ণ বাতাসে ভর করে জলীয় বাষ্প বেশি মাত্রায় ঢুকতে শুরু করেছে। তাতেই বাড়ছে তাপমাত্রা। আগামী দিনচারেক ধরে সর্বনিম্ন তাপমাত্রা এখনকার তুলনায় ২-৩ ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

Advertisement

দক্ষিণবঙ্গের প্রায় সবজায়গাতেই সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে তা এদিনও স্বাভাবিকের থেকে কম ছিল।  গত ২-৩ দিন  ধরে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল। এদিন তা বেড়ে ১৪ ডিগ্রি হয়েছে। এটাই সোমবার দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৫-১৬ ডিগ্রির আশাপাশে ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তাপমাত্রা আগের দিনের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেড়ে হয়েছে ১৮.৫ ডিগ্রি। দমদমে (১৯.২) তা আর একটু বেশি ছিল।  সল্টলেকে সর্বনিম্ন তাপমাত্রা সোমবরাই ২০ ডিগ্রি ছুঁয়েছে। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে কিছুটা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এর সঙ্গে সংগতি রেখেই বাড়ছে।  আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, কয়েকদিন পর থেকে তাপমাত্রা ফের কমবে। তবে এখনই খুব শীত পড়বে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ