হাতি তাড়াতে আগের মতো ডাক পান না মেদিনীপুরের ডাবরা, বক্সী গ্রামের হুলা পার্টির সদস্যরা, উপার্জন না থাকায় বিপাকে
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: গোটা পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ আলোর উৎসবে মেতেছেন। শহর থেকে গ্রামের প্রতিটি প্রান্ত সেজেছে রঙিন আলোয়। অথচ সেই আলোর উৎসবের দিনেও অন্ধকারে ডুবে রইল মেদিনীপুর শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের সদর ব্লকের ডাবরা ও বক্সী গ্রাম। যে গ্রাম হুলা পার্টির গ্রাম হিসেবে পরিচিত। সেই গ্রামের বাসিন্দাদের জীবনেই এখন নেমে এসেছে অন্ধকার। কাজ নেই, উপার্জন নেই, হাতে টাকা নেই, তাই দীপাবলির আনন্দও যেন হারিয়ে গিয়েছে।

Advertisement

এই গ্রামের অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যই একসময় হাতি তাড়ানোর কাজে যুক্ত ছিলেন। জঙ্গল থেকে লোকালয়ে হাতির দল ঢুকে পড়লেই তাঁদের ডাক পড়ত। জীবন হাতে নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের পথে তাঁরা ছুটে বেড়াতেন। অথচ আজ বিভিন্ন জঙ্গলে একশোর বেশি হাতি থাকলেও, তাঁদের আর কেউ ডাকে না। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে হাতি তাড়ানোর কাজ। এমনকী, আগের কাজের পারিশ্রমিকও বকেয়া রয়েছে বলে তাঁরা অভিযোগ তুলেছেন।
দীপাবলির সন্ধ্যায় গ্রামে গিয়ে দেখা গেল, উৎসবের আলো যেন এই গ্রামকে ছুঁতেই পারেনি। দু-একটি বাড়িতে সাধ করে লাগানো হয়েছে ছোট টুনি লাইট। কিন্তু সেই আলো বাড়ির চৌকাঠ পেরিয়ে গ্রামের অন্ধকার রাস্তা পর্যন্ত পৌঁছতে পারেনি। অন্যদিকে, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বাজি কেনার আবদার করলেও সামর্থ্যের অভাবে তাঁদের হাতে বাজি তুলে দিতে পারেননি অভিভাবকেরা। গ্রামে ঢোকার মুখে বসে ছিলেন অজয় মাহাত, মধুসূদন মাহাত ও অরুণ মাহাতরা। তাঁদের কথায়, নতুন সরকার আসার আগে থেকেই হাতি তাড়ানোর কাজ কমতে শুরু করেছিল। সরকার পরিবর্তনের পর সেই কাজ কার্যত বন্ধ হয়ে গিয়েছে। একদিকে হাতির দল দীর্ঘদিন ধরে জঙ্গলে অবস্থান করায় জমির ফসল নষ্ট করছে, অন্যদিকে হাতি তাড়ানোর কাজ না থাকায় রোজগারও বন্ধ হয়ে গিয়েছে। ফলে উৎসবের দিনেও আনন্দ করার মতো পরিস্থিতি নেই। হাতি তাড়ানোর কাজে প্রায় ৭০ হাজার টাকা বকেয়া। কালীপুজোর আগে ওই টাকা পেলে, আলো কিনতাম। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি-মানুষের সংঘাত কমাতে হুলা পার্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লোকালয়, কৃষিজমি কিংবা বসতিতে হাতির দল ঢুকে পড়লে প্রশিক্ষিত সদস্যরাই হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার মতো জেলায় বন দপ্তরকে তাঁদের উপরেই অনেকাংশে নির্ভর করতে হয়। একসময় মেদিনীপুর বন বিভাগ এলাকায় প্রায় দশটি হুলা পার্টি থাকলেও বর্তমানে রয়েছে মাত্র দু›টি দল। সব মিলিয়ে সদস্য সংখ্যা একশোর বেশি রয়েছে। একদিন হাতি তাড়ানোর জন্য আগে ৩১৫ টাকা করে পারিশ্রমিক পেতেন সদস্যরা। বর্তমানে সেই পারিশ্রমিক বেড়ে ৩৩০ টাকা হয়েছে। সঙ্গে মেলে একবেলার খাবার, কখনও ভাত, কখনও মুড়ি-চপ দেওয়া হয়।
হুলা পার্টির সদস্যদের কথায়, এই কাজ মোটেও সহজ নয়। হাতির সামনে দাঁড়ানোর ঝুঁকির পাশাপাশি জঙ্গলে সাপের কামড়ের ভয়ও সবসময় তাড়া করে বেড়ায়। অনেকেই হাতির তাড়াতে গিয়ে সাপের কামড় খেয়েছেন একদিন হাতি তাড়াতে গিয়ে জঙ্গলের পথে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। আগের সরকার বিশেষ জুতো ও জ্যাকেট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে হুলা জ্বালানোর তেলও দেওয়া হয় না। 
অন্যদিকে, বনদপ্তরের এক কর্মীর অভিযোগ, হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বনদপ্তরের অফিসে এসে বিক্ষোভ দেখাচ্ছেন, কর্মীদের কটূক্তি করছেন, এমনকী হুমকিও দিচ্ছেন। অথচ হাতি তাড়ানোর জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজনের কথা জানালে আধিকারিকরা টাকা নেই বলে জানিয়ে দিচ্ছেন। বন দপ্তরের এক আধিকারিক বলেন, হুলা পার্টির সমস্যার বিষয়টি রাজ্যের বন বিভাগকে জানানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।