Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

তমলুক-ঘাটাল-হলদিয়া মহিলা কোঅপারেটিভ সোসাইটির সদস্য, স্থায়ী আমানত বৃদ্ধিতে জোর

সদস্য সংখ্যা ও স্থায়ী আমানত বৃদ্ধি সহ একগুচ্ছ লক্ষ্য‌কে সামনে রেখে রবিবার তমলুক শহরের ডহরপুর তফসিলি হাইস্কুলে তমলুক-ঘাটাল-হলদিয়া মহিলা কো-অপারেটিভ সোসাইটির সভা অনুষ্ঠিত হল।

তমলুক-ঘাটাল-হলদিয়া মহিলা কোঅপারেটিভ সোসাইটির সদস্য, স্থায়ী আমানত বৃদ্ধিতে জোর
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সদস্য সংখ্যা ও স্থায়ী আমানত বৃদ্ধি সহ একগুচ্ছ লক্ষ্য‌কে সামনে রেখে রবিবার তমলুক শহরের ডহরপুর তফসিলি হাইস্কুলে তমলুক-ঘাটাল-হলদিয়া মহিলা কো-অপারেটিভ সোসাইটির সভা অনুষ্ঠিত হল। ওই সভায় সোসাইটির সভানেত্রী তৃপ্তি বর্মণ খাঁড়া, সম্পাদিকা সোমা ঘোষ দাস, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি, ভাইস চেয়ারম্যান চঞ্চল খাঁড়া এবং কবিগুরু হোলসেল কনজিউমার্স সোসাইটির সভাপতি সুজিত রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও তমলুক পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলার ওই সভায় অংশগ্রহণ করেন।

Advertisement

১৯৯২ সালে রাজ্যের মধ্যে প্রথম তমলুক-ঘাটাল-হলদিয়া মহিলা কো-অপারেটিভ সোসাইটি গড়ে ওঠে। এখানকার ডেলিগেট থেকে ডিরেক্টর এবং আমানতকারী সকলেই মহিলা। তমলুক, হলদিয়া এবং ঘাটাল মহকুমার মধ্যে এর পরিধি। তমলুক হেড অফিস, চন্দ্রকোণা ও ঘাটালে মোট তিনটি শাখা রয়েছে। সমিতিতে স্থায়ী আমানত ৬কোটি ৩৩ লক্ষ ১৫১৮টাকা। সোসাইটি থেকে ঋণের পরিমাণ ৩১লক্ষ ৫৯হাজার টাকা। অনাদায়ী ঋণের পরিমাণ ১লক্ষ ৬৭হাজার টাকা। ২০২২সালে আগস্ট মাস থেকে সোসাইটির বোর্ড ছিল না। যেকারণে দৈনন্দিন কাজে নানা সমস্যা তৈরি হতো। সম্প্রতি এখানে নতুন বোর্ড তৈরি হয়েছে। সেই বোর্ড একগুচ্ছ লক্ষ্যকে সামনে রেখে এদিন সভার আয়োজন করে।
এদিনের সভায় ঠিক হয়েছে, অনাদায়ী ঋণ আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সেইসঙ্গে ঋণ নিয়ে যাঁরা সময়মতো শোধ করছেন তাঁদের প্রয়োজনমতো ঋণ অনুমোদন করা হবে। সমিতির সদস্য সংখ্যা বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। সমিতির বিভিন্ন জমা প্রকল্পে আমানত বৃদ্ধির উপর জোর দেওয়া হবে। সমিতির লাভজনক শাখাকে আরও লাভজনক করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে। সেইসঙ্গে অলাভজনক শাখাকে লাভজনক করার গাইডলাইন ঠিক করা হবে। সমিতির প্রতিটি শাখায় কম্পিউটারাইজ পরিষেবায় লেনদেন হবে। বার্ষিক অডিট নিয়ম মেনে হবে।
সমিতির চেয়ারপার্সন তৃপ্তিদেবী বলেন, আমরা সদ্য বোর্ডে এসেছি। ওই সোসাইটিকে আর্থিকভাবে সমৃদ্ধ করা এবং সোসাইটির পরিবারকে আরও বড় করতে চাই। এই লক্ষ্যে অভিজ্ঞদের মতামত আমাদের জরুরি। তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আমাদের অভিভাবক। তাঁদের পারমর্শ নিয়েই আমরা আগামী দিনে সোসাইটিকে শক্তিশালী করার লক্ষ্যে এগতে চাই।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ