Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুজোয় মাতবে মেখলিগঞ্জ, প্রস্তুতি তুঙ্গে

কোচবিহার জেলার সীমান্ত শহর মেখলিগঞ্জ এবারও মেতে উঠবে দুর্গোৎসবের মহোৎসবে। শরতের বাতাসে পুজোর ঘ্রাণ মিলতেই শহরজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

দুর্গাপুজোয় মাতবে মেখলিগঞ্জ, প্রস্তুতি তুঙ্গে
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রামকৃষ্ণ বর্মন, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার সীমান্ত শহর মেখলিগঞ্জ এবারও মেতে উঠবে দুর্গোৎসবের মহোৎসবে। শরতের বাতাসে পুজোর ঘ্রাণ মিলতেই শহরজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। একদিকে ঐতিহ্যবাহী শতবর্ষ দুর্গাপুজো, অন্যদিকে আধুনিকতার ছোঁয়ায় নবীন মণ্ডপসজ্জা।  সব মিলিয়ে মেখলিগঞ্জ শহর যেন পুজোর ক’দিন পরিণত হবে আলোর মেলায়। 

Advertisement

এখানকার সব পুজোর মধ্যে সবচেয়ে আলোচিত পশ্চিমপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই  পুজো এবারে পদার্পণ করছে ২০তম বছরে। মণ্ডপসজ্জায় থাকছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদল। উদ্যোক্তারা জানিয়েছেন, পুজোর বাজেট প্রায় আট লক্ষ টাকা। প্রতিমা তৈরি করছেন হলদিবাড়ির খ্যাতনামা মৃৎশিল্পী বাবু পাল। সভাপতি বিশ্বজিৎ সিংহ, সম্পাদক পরিমল সাহা ও কোষাধ্যক্ষ সান্নিধ্য মানি জানিয়েছেন, পঞ্চমীতেই হবে জমকালো উদ্বোধন। এই পুজোর অন্যতম উদ্যোক্তা দিব্যায়ন সরকার বলেন, গতবারের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে আশা করছি। এই পুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। তিনি বলেন, পুজোর কদিন মণ্ডপেই কাটানোর চেষ্টা করব। 
শহরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো হল শতাব্দীপ্রাচীন মদনমোহন বাড়ির দুর্গোৎসব। ষষ্ঠী থেকেই শুরু হয় মণ্ডপের সামনে মেলা, যা চলে বিজয়া দশমী পর্যন্ত। প্রতিমা তৈরি করছেন রায়গঞ্জের শিল্পী আর মণ্ডপসজ্জা ও আলোকসজ্জার দায়িত্ব নিয়েছেন স্থানীয় শিল্পীরা। এই পুজোর উদ্যোক্তা শুভজিৎ ভৌমিক জানিয়েছেন, প্রাচীন ঐতিহ্য বজায় রেখে নিয়ম-নিষ্ঠা মেনে এবছরও এই পুজো হবে। 
এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য পুজো। তারমধ্যে সরকারপাড়া সর্বজনীন দুর্গোৎসব, পুরান বাজার সর্বজনীন দুর্গোৎসব, কালীপাড়া সর্বজনীন দুর্গোৎসব, কদমতলা কালচারাল দুর্গোৎসব, বাজার ব্যবসায়ী সমিতির দুর্গোৎসব, অধিকারীপাড়া সর্বজনীন দুর্গোৎসব অন্যতম। শহরের ঘোষপাড়ার বন্ধু দল ক্লাবের দুর্গোৎসবও বিশেষ আকর্ষণীয়। এছাড়াও সিংহপাড়ায় মহিলা পরিচালিত দুর্গোৎসব শহরের পুজোর আসরে এক অনন্য মাত্রা যোগ করে বরাবরই।  তৈরি হচ্ছে পশ্চিমপাড়া সর্বজনীনের মণ্ডপ। - নিজস্ব চিত্র।

সম্পর্কিত সংবাদ