ইম্ফল: মুখ্যমন্ত্রী বদল হয়েছে। কিন্তু, বন্ধ হয়নি অশান্তি-হিংসা। অব্যাহত রয়েছে মৃত্যু মিছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ ব্যর্থ মুখ্যমন্ত্রী ইয়ামনাম খেমচাঁদ সিং। তাই এবার তাঁর ইস্তফার দাবিতে রাজধানী ইম্ফলে পথে নামল মেইতেই জনগোষ্ঠীর মূল সংগঠন। সম্প্রতি জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন এই সম্প্রদায়ের তিনজন। তারপরই হিংসাদীর্ণ মণিপুরের উত্তেজনার পারদ ফের চড়েছে। শনিবার কোঅর্ডিনেটিং কমিটি অন মণিপুর ইন্টিগ্রিটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছিল। তিডিম ময়দান থেকে কয়েক হাজার মানুষ থাউ উদ্যানের দিকে মিছিল করে। হাতে ছিল ‘সেভ মণিপুর’, ‘আমরা শান্তি ও বিচার চাই’-এর মতো একাধিক প্ল্যাকার্ড। নাগাদের যৌথ সংগঠনও এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল। এদিন লোকভবন, মুখ্যমন্ত্রীর অফিস ও বিজেপি রাজ্য দপ্তরের কাছে কেইসম্পত মোড়ে ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ।



