নয়াদিল্লি: আরও বিপাকে পিএনবি কেলেঙ্কারিতে ধৃত মেহুল চোকসি। অভিযুক্ত হিরে ব্যবসায়ীর জামিনের আর্জি নাকচ করে দিল বেলজিয়ামের কোর্ট অব আপিল। শুনানিতে সিবিআই জানায়, আগেও একাধিকবার বিচার প্রক্রিয়াকে ফাঁকি দিয়েছেন চোকসি। জামিন পেলে ফের অন্য দেশে পালিয়ে যেতে পারেন তিনি। তারপরেই জামিনের আর্জি খারিজ করে আদালত। চোকসির প্রত্যর্পণ সংক্রান্ত মামলার শুনানি শুরু হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। জানা গিয়েছে, শুনানিতে বেলজিয়াম প্রশাসনের আইনজীবীদের সহযোগিতা করবে সিবিআই। গত এপ্রিলে গ্রেপ্তার হন ৬ হাজার ৩০০ কোটি টাকা কেলেঙ্কারিতে অভিযুক্ত চোকসি। বর্তমানে জেলেই রয়েছেন তিনি। চোকসিকে ভারতে ফেরাতে তৎপর সিবিআই।



