সংবাদদাতা, হলদিয়া: বৃহস্পতিবার মহিষাদলের অমৃতবেড়িয়ায় ইটভাটার পরিযায়ী শ্রমিকদের জন্য মেগা হেলথ ক্যাম্প আয়োজিত হল। মাতঙ্গিনী মডেল স্কুল প্রাঙ্গণ ও আইসিডিএস কেন্দ্রে জেলা স্বাস্থ্যদপ্তর ও হলদিয়া পেট্রকেমের যৌথ উদ্যোগে ওই স্বাস্থ্যশিবির হয়েছে। ব্যবস্থাপনায় ছিল অমৃতবেড়িয়া রবীন্দ্র স্পোর্টিং ক্লাব। ওই ক্লাবের ৪৬তম বিশালাক্ষী ও মসনা পুজো উপলক্ষ্যে শিবিরটি হয়েছে।
এদিন শিবিরে এসে স্বাস্থ্যকর্মী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন জেলাশাসক নিরঞ্জন কুমার। তাঁর সঙ্গে পুলিশ সুপার অংশুমান সাহা উপস্থিত ছিলেন। বৃষ্টি ও দুর্যোগ সত্ত্বেও স্বাস্থ্যশিবিরে রোগীদের উপচে পড়া ভিড় দেখে জেলা প্রশাসনের আধিকারিকরা অবাক হয়ে যান। জেলাশাসক পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি পঞ্চায়েতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগের উপর জোর দেন। এমন উদ্যোগ জেলাজুড়ে করার জন্য পরামর্শ দেন।
শিবিরে মূলত ইটভাটার পরিযায়ী শ্রমিকদের সবধরনের স্বাস্থ্য পরীক্ষায় গুরুত্ব দেয় স্বাস্থ্যদপ্তর। এজন্য অমৃতবেড়িয়ায় রূপনারায়ণ নদের তীরে ১২টি ইটভাটাকে চিঠি দিয়েছিল ব্লক প্রশাসন। এদিন শিবিরে জেনারেল মেডিসিন, চোখ, হার্ট, মানসিক রোগ, দাঁত, স্ত্রীরোগ সহ ১০-১২টি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা এসে চিকিৎসা করেন।
ক্লাবের সভাপতি গুরুপ্রসাদ মাইতি, সম্পাদক হিমাংশুশেখর পাত্র বলেন, এমন বড়ো মাপের স্বাস্থ্যশিবির করার জন্য জেলা প্রশাসনকে পাশে পেয়ে আমরা সবাই খুশি। স্বাস্থ্যদপ্তরের পরামর্শে পরিযায়ী শ্রমিকদের জন্য এমন শিবির আয়োজন হয়েছে। স্থানীয় পাঁচ-ছ’টি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি কয়েকশো পরিযায়ী শ্রমিক ও তাঁদের ছেলেমেয়েদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। এজন্য প্রতিটি ইটভাটায় গিয়ে ব্যাপক প্রচার চালানো হয়েছে। শিবিরে দিনভর তদারকি করেন মহিষাদলের বিএমওএইচ ফারুক আজাদ।
এদিন শিবিরে সিএমওএইচ বিভাস রায়, অতিরিক্ত জেলাশাসক, বিডিও তাপস রায়, স্বামী বিবেকাত্মানন্দ মহারাজ, পেট্রকেমের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন। সিএমওএইচ বলেন, হলদিয়া, মহিষাদল, সুতাহাটার প্রত্যন্ত গ্রামাঞ্চলে মেগা হেলথ ক্যাম্প করতে হলদিয়া পেট্রকেমের মতো শিল্প সংস্থা, রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম ও আইকেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ স্বাস্থ্যদপ্তরকে সাহায্য করছে। প্রশাসন সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে শিবির আয়োজনে জোর দিয়েছে।


