নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সংসারে অভাব নিত্যসঙ্গী। তার উপর পরপর তিনবার গর্ভধারণের পরও সন্তানের মুখ দেখা হয়নি। প্রতিবারই মাঝপথে থমকে গিয়েছে মাতৃত্বের স্বপ্ন। বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিপুল খরচ বহন করার সামর্থ্য ছিল না পরিবারের। শেষ পর্যন্ত ভরসা বলতে হাওড়া জেলা হাসপাতাল। সেখানেই চিকিৎসকদের বিশেষ উদ্যোগে চতুর্থবার গর্ভধারণের পর সুস্থ সন্তানের জন্ম দিলেন শিবপুরের গৃহবধূ ফরহাত পারভিন। জেলা হাসপাতালের ইতিহাসে এই প্রথম ‘ম্যাকডোনাল্ড সারভিকাল সার্কলেজ’ পদ্ধতিতে সফল সিজারিয়ান সেকশন অপারেশন হল। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ।
শিবপুর ট্রাম ডিপো এলাকার বাসিন্দা ফরহাতের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় শামিম ইকবাল আনসারির। কিন্তু সংসারে স্বচ্ছলতা কোনোদিনই ছিল না। বর্তমানে স্বামীর কাজ না থাকায় আর্থিক অনটন আরও বেড়েছে। এরই মধ্যে তিনবার গর্ভধারণের পর সন্তান নষ্ট হয়ে যাওয়ায় ভেঙে পড়েছিলেন ফরহাত। শেষ পর্যন্ত গত বছরের নভেম্বর মাসে চিকিৎসার আশায় হাওড়া জেলা হাসপাতালে আসেন তাঁরা। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন, গর্ভধারণের পর নির্দিষ্ট সময়ের আগেই জরায়ুর মুখ খুলে যাওয়ার সমস্যার কারণে বারবার গর্ভপাত হচ্ছে। ফলে সাধারণ চিকিৎসার পাশাপাশি বিশেষ অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা অনুভব করেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম থেকেই ফরহাতকে নিয়মিত ওষুধ দেওয়া এবং পর্যবেক্ষণে রাখা হয়। গর্ভবতী হওয়ার পর ১২ সপ্তাহের মাথায় ইউএসজি করানো হয়। তখন চিকিৎসকরা বুঝতে পারেন, আগের সমস্যার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে। এরপর তাঁকে হাসপাতালে ভরতি করে জরায়ুর মুখ বন্ধ রাখতে ‘ম্যাকডোনাল্ড সারভিকাল স্টিচ’ দেওয়া হয়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এই পদ্ধতিকে বলা হয় ‘ম্যাকডোনাল্ড সারভিকাল সার্কলেজ’। মূলত নির্দিষ্ট সময়ের আগে জরায়ুর মুখ খুলে যাওয়া আটকাতেই এই বিশেষ সেলাইয়ের ব্যবস্থা করা হয়। এর ফলে গর্ভস্থ সন্তানকে নির্ধারিত সময় পর্যন্ত সুরক্ষিত রাখা যেতে পারে। এরপর গত ১২ নভেম্বর ফের হাসপাতালে ভরতি করা হয় ফরহাতকে। সফল অস্ত্রোপচারের পর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বুধবার হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন মা ও সদ্যোজাত। হাসপাতালের কনসালট্যান্ট গাইনোকোলজিস্ট ডাঃ দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, হাওড়া জেলা হাসপাতালে এই প্রথম ‘ম্যাকডোনাল্ড সারভিকাল সার্কলেজ’ পদ্ধতির সাহায্যে সফল সিজারিয়ান সেকশন করা হল। বেসরকারি হাসপাতালে এই ধরনের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল।
সন্তানের মুখ দেখে আবেগাপ্লুত ফরহাতের কথায়, ‘বেসরকারি হাসপাতালে এত টাকা খরচ করে চিকিৎসা করানোর কথা ভাবতেও পারতাম না। হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ।’ হাসপাতালের সুপার ডাঃ শুভাশিস শী বলেন, ‘রাজ্যের সরকারি চিকিৎসা পরিকাঠামো দ্রুত উন্নত হচ্ছে। আগে হাওড়া জেলা হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার সম্ভব ছিল না।’ আগামী দিনে এই হাসপাতাল থেকেই আরও বড়ো সাফল্য আসবে বলে আশাবাদী তিনি।


