সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন, অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা এবং একের পর এক নতুন সুযোগ-সুবিধা সংযুক্তির দাবি উঠলেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লামা অর্থাৎ ‘লিভ এগেইনস্ট মেডিকেল অ্যাডভাইস’ রোগীর সংখ্যা কমানো। চিকিৎসকদের পরামর্শ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্রের অপেক্ষা না করে রোগী বা তাঁর পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা অসম্পূর্ণ রেখেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার এই ঘটনা পরিষেবার প্রতি অনাস্থার অন্যতম প্রতিফলন হিসাবে চিহ্নিত হয়।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সূত্রে খবর, ২০২৫ সালে এই হাসপাতাল থেকে ৭৫২৩ জন রোগী ‘লামা’ নিয়েছিলেন। চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭২২৯। বছর শেষ হতে বাকি দুই মাসের হিসাব যোগ হলে গত বছরের তুলনায় এবার লামার সংখ্যা কমবে কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শন, পরিকাঠামো উন্নয়ন এবং পরিষেবা সম্প্রসারণের দাবি সামনে এসেছে। উত্তরবঙ্গ মেডিকেলেও আধিকারিকদের রদবদলের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে ক্যাথল্যাব চালু হলে হৃদরোগের চিকিৎসায় আরও উন্নত পরিকাঠামো মিলবে। পূর্ণাঙ্গ সুপার স্পেশালিটি ব্লক চালু হওয়ার অপেক্ষাও রয়েছে। কিন্তু, এই সমস্ত উদ্যোগের সুফল কতটা সাধারণ রোগীদের কাছে পৌঁছচ্ছে, তার অন্যতম মাপকাঠি হতে পারে লামার সংখ্যা।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে যথাক্রমে ১ হাজার ৭৪, ৯১০ এবং ৮৫৩ জন রোগী লামা নিয়েছিলেন। সেখানে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ৭৭৬ জন এবং অক্টোবরে ৮৪৫ জন লামা নিয়েছেন। অর্থাৎ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে গত বছরের তুলনায় সংখ্যা কিছুটা কমেছে। নভেম্বর ও ডিসেম্বরের পরিসংখ্যানের দিকে এখন নজর হাসপাতাল কর্তৃপক্ষের।
তবে লামা বৃদ্ধির পিছনে শুধু পরিষেবার প্রতি অনাস্থাই নয়, দালালচক্রের সক্রিয়তার অভিযোগও রয়েছে। রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনাও এর অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
হাসপাতাল সুপার ডাঃ কৌশিক ঈশোর বলেন, এতদিন পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে রোগীদের মধ্যে নানা ধরনের অনাস্থা তৈরি হয়ে থাকতে পারে। তবে বর্তমানে একের পর এক অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো যুক্ত হচ্ছে। পূর্ণাঙ্গ সুপার স্পেশালিটি ব্লক চালু হলে অধিকাংশ চিকিৎসাই এখানে পাওয়া যাবে। পাশাপাশি চিকিৎসক ও নার্সদের মানসিকতার পরিবর্তন এবং পরিষেবার গুণগত মান বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপের ফলে আগামীদিনে লামার সংখ্যা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।


