দালাল খায় লাভের গুড় ভুয়ো রিপোর্ট পায় রোগী!  বর্ধমানে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা  ভয়াবহ তথ্য ফাঁস
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুখেন্দু পাল, বর্ধমান: ডায়াগনস্টিক সেন্টারে যে কোনও ধরণের টেস্টের জন্য রোগী পাঠালেই দালালদের কাছে পৌঁছে যায় ৭০ শতাংশ কমিশন। যারা ‘ভালো’ দালাল তাদেরকে মাঝেমধ্যে বিশেষ গিফটও দিতে হয়। ফলে, লাভের একটা বড় অংশ খেয়ে নিচ্ছে দালালচক্র। স্বাভাবিকভাবেই কমবে মুনাফার মার্জিন। লাভ-ক্ষতির সমতা বজার রাখতে অগত্যা ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের আপস করতে নমুনা পরীক্ষায়। এমনকী, পরীক্ষা না করেই বানিয়ে দেওয়া হচ্ছে ভুয়ো রিপোর্ট। আর সেই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা করতে গিয়ে বিপাকে পড়ছেন চিকিৎসকরা। ভুলভাল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরাও। স্বাস্থ্য কমিশনের আধিকারিকদের তদন্তধর্মী পর্যবেক্ষণে এমনই ভয়াবহ তথ্য উঠে আসছে। 

Advertisement

দালাল মহলে ভুয়ো রিপোর্টকে বলা হয় ‘বেসিন টেস্ট’। কমিশনের আধিকারিকরা হাতেনাতে এই টেস্টের প্রমাণ পেয়েছেন। বুধবার কমিশনের এক আধিকারিক খোসবাগানের ডায়াগনস্টিক সেন্টারে রোগীর ছদ্মবেশে টেস্টের জন্য যান। এক ঘন্টার মধ্যেই তাঁকে রিপোর্ট ছাপিয়ে দেওয়া হয়। পরে জেরার মুখে ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা স্বীকার করেন, টেকনিশিয়ান না থাকায় টেস্ট না করেই রিপোর্ট ছাপিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, বর্ধমান শহরের স্বাস্থ্যব্যবস্থা দেখে কমিশনের কর্তারা তাজ্জব। কমিশনের সদস্য নারায়ণ বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্টে লেখেন, ‘ছিল সীতাভোগ আর মিহিদানার সুখ্যাতির শহর বর্ধমান। এখন নার্সিংহোম আর ল্যাবরেটরি ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বর্ধমানে।’ এই পোস্টের পর কমেন্ট বক্স ভরে যায় নেটিজেনদের সমর্থন সূচক মতামতে। একজন লিখেছেন, ‘যা বলেছেন স্যর! বর্ধমানে স্বাস্থ্য পরিষেবায় বিশ্বাসযোগ্যতা উধাও।’ আর এক জন নেটিজেনের মন্তব্য, ‘চুনোপুটি দু’টি নার্সিংহোম বন্ধ করলেন। কিন্তু রাঘব বোয়ালরা পার পেয়ে গেল!’ আবার একজন লিখেছেন, ‘নব্বই দশকের শুরু থেকেই এই রমরমা চলে আসছে।’ আর একজন মজা করে লিখেছেন, ‘অধিকাংশ নার্সিংহোমের অবস্থাও খারাপ। একটি নার্সিংহোমে দু’দিনে ২৪ হাজার টাকার ওষুধের বিল করেছিল।’ 
রোগীর আত্মীয়রা বলেন, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারগুলি নিজেদের খুশি মতো বিল করে। বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, অসম বা রামপুরহাটের কোনো রোগী ভর্তি হলে বিলের অঙ্ক অনেক বেড়ে যায়। বিজেপি নেতা মৃত্যুজ্ঞয় চন্দ্র বলেন, ‘সমস্ত তথ্য স্বাস্থ্য‌দপ্তরের কাছে জমা পড়েছে। লাগাতার অভিযান চলছে। কোনো নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টার মাত্রাতিরিক্ত বিল নিলে রোগীর আত্মীয়রা স্বাস্থ্যদপ্তর বা থানায় অভিযোগ জানাতে পারেন। তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে। টেস্ট না করে ডায়াগনস্টিক সেন্টারগুলি রিপোর্ট দিচ্ছে। অধিকাংশ জায়গাতেই ল্যাব টেকনিশিয়ান নেই। সাধারণ কর্মীরাই নিজেদের খুশি মতো রিপোর্ট ছাপিয়ে দেয়।’ কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, ‘নাম কা ওয়াস্তে কয়েকটি নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। কমিশন রাঘব বোয়ালদের কাছে পৌঁছয়নি। আদৌ তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা তা নিয়ে ধন্দ রয়েছে।’ 
এক আধিকারিক বলেন, প্রায়ই আচমকা পরিদর্শন করা হবে। পরিকাঠামো বা নথি ঠিক না থাকলে নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। আরও কয়েকটি নার্সিংহোমের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে।